জাতীয়

মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার কবে, যা জানালেন মন্ত্রী

সদ্য দায়িত্ব নেওয়া বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সশস্ত্র বাহিনীর সদস্যদের কবে প্রত্যাহার করা হবে, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

রোববার (১ মার্চ) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের পর ১৫ দিন পর্যন্ত সশস্ত্র বাহিনী মাঠে থাকার বিষয়ে ধারণা ছিল এবং এ নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও অনুরোধ ছিল। সম্ভবত সেই সময়সীমা শেষ হয়েছে। তবে সরকারের আগের নির্দেশনা অনুসারে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যেভাবে দায়িত্ব পালন করছিল, সেভাবেই আছে।

সশস্ত্র বাহিনীর মাঠে থাকার মেয়াদ কবে শেষ হবে তা এই মুহূর্তে মন্ত্রী নিশ্চিত করে বলতে পারছেন না জানিয়ে তিনি বলেন, বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে নির্ধারণ করা হবে। সশস্ত্র বাহিনীও দীর্ঘদিন মাঠে থাকতে চায় না। কারণ এতে তাদের প্রশিক্ষণসহ অন্যান্য নিয়মিত কর্মকাণ্ডে সমস্যা তৈরি হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কবে তাদের প্রত্যাহার করা হবে। তবে একটি নির্দিষ্ট সময় পর অবশ্যই সেনাবাহিনীকে মাঠ পর্যায় থেকে প্রত্যাহার করা হবে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে, তা সমন্বিতভাবে মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি।

টিটি/একিউএফ