লাইফস্টাইল

ঘাড় কপালের কালো দাগ তুলতে ভরসা রাখুন ঘরোয়া প্যাকে

সামনেই ঈদ। উৎসবের এই সময়ে সবাই চান নিজেকে একটু বেশি পরিপাটি ও উজ্জ্বল দেখাতে। কিন্তু রোদে বের হওয়া, অতিরিক্ত ঘাম, ধুলাবালি কিংবা হরমোনজনিত কারণে অনেকেরই ঘাড় ও কপালে কালচে ছোপ পড়ে যায়। ঠিকমতো যত্ন না নিলে এই দাগ আরও গাঢ় হয়ে ওঠে। তবে দুশ্চিন্তার কিছু নেই। ঘরেই থাকা সহজ কিছু উপাদান দিয়ে নিয়মিত যত্ন নিলে ধীরে ধীরে কমতে পারে এই কালচে ভাব।

ব্রাউন সুগার ও অলিভ অয়েল স্ক্রাব১ টেবিল চামচ মোটা দানার ব্রাউন সুগার, ১ চা চামচ মধু ও ১ চা চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি ঘাড়ে ও কপালে বৃত্তাকার গতিতে কয়েক মিনিট আলতোভাবে ম্যাসাজ করুন। ব্রাউন সুগার প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে মৃত কোষ দূর করে, অলিভ অয়েল ত্বক নরম রাখে এবং মধু ত্বকে আর্দ্রতা যোগায়। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ থেকে ২ বার ব্যবহার করলেই যথেষ্ট।

বেসন ,দই, হলুদের মাস্ক২ চামচ বেসন,১ চামচ টক দই ও ১ চিমটি হলুদ মিশিয়ে পেস্ট বানান। পরিষ্কার ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে এলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। বেসন প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে, দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকে হালকা এক্সফোলিয়েশন করে উজ্জ্বলতা বাড়ায়। হলুদের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের দাগ হালকা করতে সহায়ক।

আলুর রস ও লেবুর ব্যবহারকাঁচা আলু রস বের করে তাতে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। তুলোর সাহায্যে ঘাড় ও কপালে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। এরপর ভালোভাবে ধুয়ে ফেলুন। আলুতে থাকা প্রাকৃতিক এনজাইম পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। লেবুর ভিটামিন সি ত্বকের রং সমান করতে সহায়ক। তবে সংবেদনশীল ত্বক হলে লেবুর পরিমাণ কম রাখুন এবং আগে প্যাচ টেস্ট করুন।

অ্যালোভেরা জেল ও ভিটামিন ই ক্যাপসুল১ চা চামচ তাজা অ্যালোভেরা জেলের সঙ্গে একটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। পেস্টটি ঘাড় ও কপালে লাগিয়ে রেখে দিন। অ্যালোভেরা ত্বক ঠান্ডা রাখে এবং রোদে পোড়া অংশের যত্ন নেয়। ভিটামিন ই অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে, যা ত্বকের ক্ষতি কমিয়ে রং সমান করতে সহায়তা করে। রাতে লাগিয়ে রেখে সকালে মাইল্ড ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারেন।

জরুরি পরামর্শযেকোনো মাস্ক ব্যবহারের আগে ত্বক পরিষ্কার রাখুন। খুব বেশি জোরে ঘষাঘষি করবেন না, এতে ত্বক আরও সংবেদনশীল হয়ে যেতে পারে। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করলে নতুন করে দাগ পড়ার ঝুঁকি কমে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও সুষম খাবার গ্রহণ করাও জরুরি।

ঈদের আগে অল্প যত্নেই ঘাড় ও কপালের কালচে দাগ অনেকটাই হালকা করা সম্ভব। নিয়মিত ও ধৈর্য ধরে ব্যবহার করলে ত্বক হবে পরিষ্কার, মসৃণ ও উজ্জ্বল।

সূত্র: ভোগ, টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন: জেল নেইল পলিশ তোলার সঠিক পদ্ধতি রাত জেগে কাজ করলে ত্বকের যত্ন নেবেন যেভাবে 

এসএকেওয়াই