রাজনীতি

শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না: রিজভী

যারা জীবন দিয়ে দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাদের যথাযথ স্বীকৃতি ও পরিবারের পুনর্বাসন নিশ্চিত করা না হলে এই লড়াই সার্থক হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার (২ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ইউসুফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার দেড় বছরের মধ্যে অনেক কাজের প্রতিশ্রুতি দিয়েছিল, তবে শহীদ ও আত্মদানকারী পরিবারের সঠিক তালিকা প্রণয়ন, গেজেট প্রকাশ এবং পুনর্বাসনের কার্যক্রম সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি।

তিনি জানান, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’ গঠন করেছেন এই উদ্দেশ্যে, যাতে আত্মত্যাগকারী কোনো পরিবার বঞ্চিত না হয়।

রিজভী বলেন, ‘আজ অনেকেই মন্ত্রী বা সংসদ সদস্য হয়েছেন, কিন্তু যাদের আত্মত্যাগের কারণে বিএনপি ক্ষমতায় এসেছে, তাদের পরিবারকে যথাযথ সম্মান ও সহায়তা না দিলে এ অর্জন সার্থক হবে না। গণতন্ত্রের জন্য লড়াই করা, ১৬-১৭ বছর আগে শহীদ হওয়া ব্যক্তিরা ও তাদের পরিবার যথাযথ সম্মান না পেলে তা বৃথা হবে।’

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, শহীদ পরিবারের মা বা স্বজনরা যদি চিকিৎসা, খাবার বা থাকার স্থান না পান, তাহলে তাদের আত্মত্যাগের মূল্যহানি হবে।

বিএনপির এ নেতা জানান, প্রধানমন্ত্রী এরই মধ্যে বিষয়টি অবগত হয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট পরিবারকে দেখা করার জন্য ‘আমরা বিএনপি পরিবার’-কে পাঠিয়েছেন। সংশ্লিষ্ট পরিবারকে পুনর্বাসনের জন্য পূর্ণ প্রচেষ্টা চালানো হবে এবং বিএনপি পরিবার অক্ষরে অক্ষরে এ অঙ্গীকার বাস্তবায়ন করবে।

কেএইচ/একিউএফ