সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে আগ্রহীদের জন্য সুখবর। ২০২৫-২৬ অর্থবছরে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্বাচনের প্রস্তাব জমাদানের সময়সীমা আরও এক মাস বাড়াতে যাচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ এপ্রিল পর্যন্ত পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দেওয়া যাবে। এর আগে কাহিনি, চিত্রনাট্য ও সার্বিক নির্মাণ পরিকল্পনা জমা দেওয়ার শেষ সময় ছিল ১ মার্চ। সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আখতার।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি অনুদানের জন্য আগেই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র ব্যক্তিত্ব, সংশ্লিষ্ট পেশাদার প্রতিষ্ঠান, লেখক ও চিত্রনাট্যকারদের কাছ থেকে প্যাকেজ প্রস্তাব আহ্বান করা হয়। এখন পর্যন্ত তিন দফায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের ১৮৯টি এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ১৪০টি প্রস্তাব জমা পড়েছে।
তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারই শেষবারের মতো সময় বাড়ানো হলো। এরপর আর মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা নেই। সংশ্লিষ্টদের আশা, বাড়তি সময়ের মধ্যে আরও মানসম্মত ও পরিপূর্ণ প্রস্তাব জমা পড়বে।
চলচ্চিত্র শিল্পের প্রসার ও সৃজনশীলতা উৎসাহিত করতে আগামী অর্থবছরে সর্বোচ্চ ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য-মোট ৩২টি চলচ্চিত্রকে সরকারি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাব জমা দিতে হলে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য উভয় ক্ষেত্রেই ১টি মূল কপিসহ ১২ সেট পূর্ণাঙ্গ প্যাকেজ জমা দিতে হবে।
সময় বাড়ানোর ফলে অনুদান পাওয়ার প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, অতিরিক্ত সময় কাজে লাগিয়ে নির্মাতা ও প্রযোজকেরা আরও পরিকল্পিত ও শক্তিশালী প্রস্তাব জমা দেবেন। এতে চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়াও হয়ে উঠতে পারে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
এমএমএফ