জাতীয়

বাড়তে পারে ঈদের ছুটি

আগামী ঈদুল ফিতরে ৫ দিন ছুটি নির্ধারিত আছে। এই ছুটি আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। মূলত ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর চিন্তাভাবনা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করেছে সরকার। রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদুল ফিতর হবে ২১ মার্চ।

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ ঈদুল ফিতরের আগে দুই ও পরে দুইদিনসহ মোট চারদিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। 

আরও পড়ুনরোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিনরমজানের প্রভাবে বইমেলায় বিকেলে ভিড় কম, ছুটির দিনে বিক্রি বেড়েছেছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী তারেক রহমান

সেই হিসেবে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

গত বছর ঈদের সময় দীর্ঘ ছুটি থাকায় ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন। এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর বিষয়টি আমরা বিবেচনা করবো।

গত বছর ঈদের সময় দীর্ঘ ছুটি থাকায় ঈদযাত্রা ছিল অনেকটাই নির্বিঘ্ন/ফাইল ছবি

ছুটি বাড়ানোর বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ছুটি বাড়ানোর একটি প্রস্তাব বিভাগে পাঠানো হয়েছে। ছুটি দীর্ঘ হলে মানুষ পর্যায়ক্রমে বাড়ি যেতে পারে। এতে একবারে চাপ পড়ে না। তবে ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। 

আরও কতদিন ছুটি বাড়ানো হয়ে এ বিষয়ে তিনি কোনো কিছু জানাতে রাজি হননি। 

তবে জানা গেছে, ২৪ এবং ২৫ মার্চ (মঙ্গল ও বুধবার) চিন্তাভাবনা করা হচ্ছে। নতুন করে এ দুদিন ছুটি দিলে ২৬ মার্চ (বৃহস্পতিবার), এরপর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) দুদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

আরএমএম/ইএ