আন্তর্জাতিক

ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানে দীর্ঘমেয়াদি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, ইরানে তাদের অভিযান এক মাসেরও বেশি সময় ধরে চলতে পারে। উপসাগরে মার্কিন মিত্রদের লক্ষ্য করে ইরানের প্রতিশোধমূলক হামলা এবং সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পরই এমন ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর এএফপির।

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন নাগরিকদের মিশর থেকে পূর্ব দিকে পালিয়ে যাওয়ার আহ্বান জানানোর কিছুক্ষণ পরেই রিয়াদে মার্কিন দূতাবাসে দুটি ড্রোন হামলা চালায় ইরান। এরপরেই তীব্র প্রতিশোধের হুমকি দেন ট্রাম্প।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর কাতারের রাষ্ট্র পরিচালিত জ্বালানি সংস্থা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। অপরদিকে তেহরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ারও অঙ্গীকার করেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল সরদার জাব্বারি বলেন, আমরা হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করলে যেকোনো জাহাজকে পুড়িয়ে দেব।

ট্রাম্প বলেছেন, শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ নির্ধারিত সময় পার করে যাচ্ছে, তবে যুক্তরাষ্ট্র দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুত।

ট্রাম্প হোয়াইট হাউজে এক বিবৃতিতে বলেন, শুরু থেকেই আমরা চার থেকে পাঁচ সপ্তাহের পূর্বাভাস দিয়েছিলাম, তবে আমাদের এর চেয়েও অনেক বেশি সময় ধরে যাওয়ার ক্ষমতা আছে।

টিটিএন