যুদ্ধ কাভার করতে গিয়ে ইসরায়েলে দুই তুর্কি সাংবাদিক আটক হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের কর্মকর্তারা ও সাংবাদিক ইউনিয়ন।
তুরস্কের সাংবাদিক ইউনিয়ন (টিজিএস) জানায়, সিএনএন-টার্কের প্রতিবেদক এমরাহ চাকমাক এবং ক্যামেরাম্যান হালিল কাহরামান তেল আবিবে সংবাদ সংগ্রহের সময় আটক হন।
তুরস্কের প্রেসিডেন্সির যোগাযোগবিষয়ক প্রধান ইসরায়েলের বিরুদ্ধে গণমাধ্যমের ওপর হামলা চালানোর অভিযোগ তোলেন। তিনি বলেন, আটক সাংবাদিকদের দ্রুত মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ইউনিয়ন জানায়, ইরানে হামলা ও সংশ্লিষ্ট পরিস্থিতি কাভার করে তুরস্কের দর্শকদের কাছে সর্বশেষ তথ্য পৌঁছে দেওয়ার জন্যই তারা সেখানে ছিলেন।
সংগঠনটি বলেছে, জনগণকে তথ্য দেওয়ার দায়িত্ব পালনকারী সাংবাদিকদের বাধা দেওয়া এবং যুদ্ধক্ষেত্রে তাদের সুরক্ষা নিশ্চিত না করা সংবাদমাধ্যমের স্বাধীনতার লঙ্ঘন। তারা ইসরায়েল সরকারের কাছে দুই সাংবাদিককে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।
সূত্র: এএফপি
এমএসএম