জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেনি বলেছেন, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান তার প্রতিরক্ষা অভিযান চালিয়ে যাবে।
জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, এই আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আত্মরক্ষামূলক পদক্ষেপ অব্যাহত রাখবো।
তিনি আরও সতর্ক করে বলেন, কোনো প্রতিবেশী দেশের সামরিক ঘাঁটি যদি অন্য দেশে হামলা বা আক্রমণের জন্য ব্যবহার করা হয়, তবে সেটি বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারে।
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন যে ‘গুরুতর ঝুঁকির’ কারণে পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব, বর্তমানে যে পরিবহন ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করতে এই ১৪ দেশ থেকে বেরিয়ে যেতে বলছে।
এই দেশগুলোর মধ্যে রয়েছে- বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
এর আগে দূতাবাসে হামলার পর সৌদি আরবে সব ধরনের কনস্যুলার পরিষেবা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদিতে অবস্থিত বিভিন্ন মিশনে তাদের সকল সেবা বাতিলের ঘোষণা দিয়েছে বলে জানা গেছে।
সামাজিক মাধ্যম এক্সে করা এক পোস্টে দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সব রুটিন এবং জরুরি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে এবং জেদ্দা, রিয়াদ এবং দাহরামসহ রাজ্যের বেশ কয়েকটি মিশনে ‘আশ্রয়স্থল’ কার্যকর করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম