দেশজুড়ে

সরকারি রাস্তার ইট তুলে অবৈধভাবে মাটি বহনের অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বিশ্বাসপাড়া-খালপাড় এলাকায় ইটের সলিং রাস্তার ইট তুলে অবৈধভাবে মাটি বহনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, খালপাড়ের সলিং রাস্তার বিভিন্ন অংশ থেকে ইট তুলে ফেলা হয়েছে। অভিযোগ রয়েছে, ওই ইট অপসারণ করে ট্রলির মাধ্যমে মাটি বহন করে বিভিন্ন ভরাট কাজে বিক্রি করছেন আফতাব ও হারুন নামের দুই মাটি ব্যবসায়ী। এতে এলাকাবাসীর চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি অর্থে নির্মিত রাস্তার ইট উঠিয়ে মাটি ব্যবসা করা হচ্ছে। ইট পুনঃবিছানো ছাড়াই কাজ শেষ করে চলে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী একটি ভেকু (খননযন্ত্র) আটকিয়ে রাখেন। তাদের দাবি, রাস্তা পুর্বাবস্থায় ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা সেটি ছাড়বেন না।

অভিযোগের বিষয়ে জানতে মাটি ব্যবসায়ী আফতাবের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। অপর ব্যবসায়ী হারুন বলেন, ‌‘আমি নিজে ইট উঠাইনি। ইট উঠিয়েছে শফিক মেম্বার।’

এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও শেখর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমেদ বলেন, ‘এক সপ্তাহ আগে অভিযোগ পেয়েছি। মাটি ব্যবসায়ীরা রাস্তার ইট উঠিয়ে মাটি বহন করছেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, বিষয়টি জেনেছি। কেন এবং কীভাবে রাস্তার ইট তোলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করবো।

এন কে বি নয়ন/এসআর/এমএস