খেলাধুলা

‘আমি কিছু করিনি, করলে প্রমাণ দেখান’

২০২৪-২৫ বিপিএলে ফিক্সিং সন্দেহের তালিকায় থাকায় এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলামসহ ৯ ক্রিকেটারকে বিপিএলের গেল আসরে খেলতে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তখন থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে আছেন এই তালিকার বিজয়। সবশেষ বিসিএলে ডাক পেয়েও উমরাহ করায় খেলতে পারেননি তিনি। এরপর গতকাল দেশে ফিরে আজ সংবাদ সম্মেলন করেন বিজয়। সেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বিসিবির কাছে প্রমাণ চেয়েছেন।

হোম অব ক্রিকেটে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিজয় বলেন, তিনি যদি আসলেই কোনো অপরাধ করে থাকেন তাকে যেন প্রমাণ দেওয়া হয়। বিজয় বলেন, ‘আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম আমি অনেক বুদ্ধিমান মানুষ। আমি এমন কিছু করেছি কেউ বুঝতে পারছে না, একদম নীরবে। যদি বোঝা যেতো প্রকাশ্যেই বোঝা যেতো যে আমি করেছি কিনা। আর আমি এত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারতাম না, যে আমি কিছু করিনি। আমি তো বলছি আমি কিছু করিনি, করলে আপনি প্রমাণ দেখান। আমি আর ক্রিকেট খেলব না।’

উমরাহ করার সময়েও অনেকে জানতে চেয়েছেন বিজয়ের সঙ্গে কি হয়েছে, ‘আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি উমরাহতে গিয়েছিলাম। তাওয়াফ করার সময় আমার সঙ্গে ১০ জন মানুষ কথা বলেছে, এ সম্মানটা আল্লাহ আমাকে দিয়েছে। তারাও বলছে ভাইয়া ঘটনা কী? এটা আসলে কষ্ট দেয়, তারাও একটা সমাধান চায়। কিন্তু আপনারা যারা দায়িত্বে আছেন তারা কেন বুঝছেন না আমার একটা সমাধান প্রয়োজন।’

বিজয় স্পষ্ট করেছেন টাকার জন্য না সম্মানের জন্যই ক্রিকেট খেলেন তিনি,‘আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমার সম্মান দরকার। সম্মানের জন্য ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না। সেটা আমি আবার ফেরত পেতে চাই। আপনারা যে অসম্মান আমাকে দিয়েছেন গত এক বছর ধরে সেটা যথেস্ট একজন মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে আর সম্মান অর্জন করার মতো মনে হয় না কারোর অবস্থান থাকবে।’

বিসিবি থেকে মিউচুয়ালি সমাধান না এলে আইনি পদক্ষেপ নিবেন কিনা প্রশ্নে বিজয় বলেন, ‘আমি কখনোই এরকম ব্যাপারে চিন্তা করি না যে মিনিস্টারের কাছে যেতে হবে, এর কাছে যাইতে হবে, ওর কাছে যেতে হবে। আর এটা তো নরমাল যে আমাকে তারা কমিটমেন্ট করছিল যে বিপিএল এর পেমেন্টটা তারা দিবে। আমার খেলা শেষ হয়েছে তারা পেমেন্টটা দিয়ে দিবে। তারা তদন্ত করছে দুই বছর ধরে একটা প্লেয়ারকে। তদন্ত রিপোর্টটা দিয়ে দিবে। কোনো সমস্যা নাই, বলে দিবে। আমি আবার খেলায় ফেরত আসবো। একদম সিম্পল এটা তো অনেক জটিল না যে আমি এখানে আমার বিশাল বিশাল জায়গায় যাইতে হবে, মন্ত্রী লেভেলে দৌড়াতে হবে। ব্যাপারটা তো তা না। একটা মিউচুয়াল সমাধান। এটা তাড়াতাড়ি করলেই তো হয়। এটাতে অনেক দেরি হওয়ার কথা না।’

এসকেডি/আইএন