জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে আলজেরিয়া।

সোমবার সকালে (৩ মার্চ ) ঢাকার তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই সমর্থনের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।

অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার আগ্রহ ব্যক্ত করেন। এর পাশাপাশি তিনি দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আলজেরিয়ার রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার দেশের দৃঢ় আগ্রহের কথা জানান এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

উভয়পক্ষই ভবিষ্যতে উচ্চ পর্যায়ের সফর ও নিয়মিত সংলাপের মাধ্যমে সহযোগিতা আরও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এমইউ/এএমএ