আন্তর্জাতিক

বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন স্থাপনায় ড্রোন হামলা

বাগদাদ বিমানবন্দরে মার্কিন স্থাপনায় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ড্রোন বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন দূতাবাসের লজিস্টিক সাপোর্ট ক্যাম্প লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এদিকে ইসরায়েল বুধবার ভোরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে। একই সময়ে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ভেতরে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ইরান এর জবাবে উপসাগরীয় অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, মধ্যরাতের পর ইরানজুড়ে বিস্তৃত আকারে হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ইরান তিন দফায় ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার বলেন, শনিবার থেকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে চালানো অভিযানে প্রায় দুই হাজার লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। এসবের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও যেসব অস্ত্র আমাদের লক্ষ্য করে হামলা চালাতে পারে সেগুলো অন্তর্ভুক্ত।

ইরানের রেড ক্রিসেন্টের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ৭৮৭ জন নিহত হয়েছেন। তবে এ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

টিটিএন