জাতীয়

চট্টগ্রামে খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ মার্চ) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে নগরীর কালুরঘাট বিসিক শিল্প নগরীর প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

চট্টগ্রাম জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম বলেন, মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, বিশেষ করে স্যাঁতসেঁতে-তৈলাক্ত ফ্লোর ও নোংরা টাইলস, টমেটোর সস প্রস্তুতের গরম পাল্প মিশ্রণ, ননফুড গ্রেড প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ, তেলাপোকা-ছারপোকার প্রাদুর্ভাব, খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা, নির্ধারিত প্রক্রিয়া ব্যতিরেকে অসম্পূর্ণ লেবেলিং এবং বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ছাড়া লোগো ব্যবহারসহ নানা অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিককে নিরাপদ খাদ্য আইনে ৫ লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

জনস্বার্থে এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমডিআইএইচ/এমআইএইচএস