দেশজুড়ে

এসিল্যান্ডের ধাওয়ায় ট্রাক্টর উল্টে ধানক্ষেতে, অল্পের জন্য প্রাণ রক্ষা

গাইবান্ধার সাদুল্লাপুরে এসিল্যান্ডের ধাওয়ায় ধানের জমিতে ট্রাক্টর উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন একাধিক ব্যক্তি।

শনিবার (৭ মার্চ) বিকেলে উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর দামোদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার একটি পকুর খনন করছিলেন সঞ্জয় কুমার নামের এক ব্যক্তি। এতে মাটি বহনে রাস্তা নষ্টের অভিযোগ ওঠে। এসময় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিন। তখন তার গাড়ির ধাওয়া খেয়ে ট্রাক্টরটি উল্টে গিয়ে ধানক্ষেতে পড়ে যায়। এসময় ট্রাক্টরটির ধাক্কায় একটি মুরগির ঘর ভেঙে গিয়ে চালক জাহাঙ্গীর আলমসহ একাধিক ব্যক্তি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

স্থানীয়রা জানান, ওই সময় অভিযানে এসিল্যান্ডের ধাওয়ায় ট্রাক্টরটি নিরাপদে নেওয়ার জন্য চালক জাহাঙ্গীর আলম দ্রুতগতিতে চালাতে থাকেন। এসময় রাস্তার পাশের আব্দুল মজিদ আকন্দের একটি মুরগির ঘর ট্রাক্টরের ধাক্কায় ভেঙে যায়। সেই সময়ে শিশুসহ বেশ কিছু ব্যক্তি প্রাণে রক্ষা পেয়েছেন। এরপর ট্রাক্টরটি স্থানীয় এমদাদুল হকের বাড়ির সামনে পৌঁছালে চালক জাহাঙ্গীর আলম বাঁচার ধানক্ষেতে নামিয়ে দিলে ট্রাক্টর উল্টে যায়। পরে দৌঁড়ে পালিয়ে যান চালক জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে ট্রাক্টরচালক জাহাঙ্গীর আলম বলেন, সঞ্জয় কুমারের খনন করা পুকুরের মাটি ট্রাক্টর দিয়ে বহন করছিলাম। এসময় স্থানীয় আইয়ুব আলী ও লিটন মিয়া আমার কাছে চাঁদা দাবি করেন। এই চাঁদার টাকা দিতে না পারায় আইয়ুব আলী ও লিটন মিয়া সাদুল্লাপুরের এসিল্যান্ডকে ডেকে এনে আমাকে আটক করার চেষ্টা করেন। এসময় আমি বাঁচার জন্য ট্রাক্টরটি দ্রুত চালিয়ে ধানক্ষতে নামিয়ে দিই। এতে গাড়িটি উল্টে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। আমি দৌঁড় দিয়ে প্রাণে রক্ষা পেয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত আইয়ুব আলী ও লিটন মিয়া বলেন, আমরা কোনো চাঁদা দাবি করিনি। তবে ট্রাক্টর দিয়ে রাস্তা নষ্টের ব্যাপারের জাহাঙ্গীরের সঙ্গে কথা হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিন বলেন, অভিযানের সময় ট্রাক্টরটি থামাতে বলা হলে চালক না থামিয়ে দ্রুত চলতে গিয়ে নিজেই দুর্ঘটনা শিকার হয়েছেন।

আনোয়ার আল শামীম/এমএন/জেআইএম