অর্থনীতি

অর্থনৈতিক সংস্কারে অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা

বাংলাদেশে কর ব্যবস্থা সংস্কার, ব্যবসা করার পরিবেশ উন্নয়ন এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নে ভারতের অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয়, বিশেষ করে কর সংস্কার, ব্যবসা করার পরিবেশ উন্নয়ন এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি জানান, ভারতের ডিজিটাল অবকাঠামো ব্যবস্থার অভিজ্ঞতাও আলোচনায় উঠে এসেছে। এই প্রযুক্তি ব্যবহার করে ভারত কীভাবে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সক্ষম হয়েছে, সেই অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করা হয়েছে।  তার মতে, অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মানুষকে যুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে। ভারতের উন্নয়ন সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। বিশেষ করে ভারতের দেওয়া বিভিন্ন ঋণ সহায়তা কর্মসূচি বা এলওসি প্রকল্পগুলোর অগ্রগতিতে দুই পক্ষ সন্তোষ প্রকাশ করেছে। শুরুতে কিছু ছোটখাটো সমস্যা থাকলেও এখন প্রকল্পগুলো ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সংযোগ বা যোগাযোগ ব্যবস্থার বিষয়ে প্রণয় ভার্মা বলেন, সমুদ্রপথ, স্থলপথ ও আকাশপথে যোগাযোগ আরও শক্তিশালী করা হলে দুই দেশের মধ্যে বাণিজ্য সহজ হবে। বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে বন্দর ব্যবহারের বিষয়েও দুই দেশের মধ্যে আরও বিস্তারিত আলোচনা হবে। তিনি বলেন, ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করাই দুই দেশের লক্ষ্য। নতুন চিন্তা, প্রযুক্তি এবং জনবান্ধব সহযোগিতার মাধ্যমে এই অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় দেশ কাজ করছে। এমএএস/এমআরএম