দেশজুড়ে

নীলফামারীতে গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নীলফামারীর ডোমারে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মজনু মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (১১ মার্চ) সকালে পৌর ময়দানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মজনু একই এলাকার তফির উদ্দিনের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে মজনু মিয়াসহ তার তিন ভাই একটি গাছ কাটছিলেন। এ সময় সাবেক কাউন্সিলর বেলাল হোসেন ও তার পরিবারের লোকজন বাধা দেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তাদের উপর্যুপরি আঘাতে গুরুতর আহত হন মজনু মিয়া। পরে স্থানীয় তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আমিরুল হক/কেএইচকে/এএসএম