আন্তর্জাতিক

ইরান যুদ্ধ শুরুর পর ৮৫ দেশে বেড়েছে তেলের দাম, নেই বাংলাদেশ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। যুদ্ধ শুরুর পর অন্তত ৮৫টি দেশে তেলের দাম বেড়েছে। তবে এই তালিকায় নেই বাংলাদেশ।

খুচরা জ্বালানি মূল্যের আন্তর্জাতিক তথ্যভাণ্ডার গ্লোবাল পেট্রোল প্রাইসেসের বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটি বিশ্বের প্রায় ১৫০টি দেশের জ্বালানির খুচরা মূল্য পর্যবেক্ষণ করে।

তথ্য অনুযায়ী, পেট্রোলের দাম সবচেয়ে বেশি বেড়েছে ভিয়েতনামে। দেশটিতে গত ২৩ ফেব্রুয়ারি প্রতি লিটার ৯৫-অকটেন পেট্রলের দাম ছিল ০ দশমিক ৭৫ ডলার। ৯ মার্চ তা বেড়ে দাঁড়ায় ১ দশমিক ১৩ ডলারে, যা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি।

আরও পড়ুন>>যুদ্ধের ধাক্কায় বিশ্বের তেলবাজারে ‘ইতিহাসের সবচেয়ে বড়’ সংকটরেকর্ড উচ্চতা থেকে ‘মাইনাস’ দাম: দুই দশকে তেলের বাজারে নাটকীয় অস্থিরতাট্রাম্প কি পারবেন তেলের দামে ঊর্ধ্বগতি আটকাতে?

এরপর রয়েছে লাওস, যেখানে দাম বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। কম্বোডিয়ায় বেড়েছে প্রায় ১৯ শতাংশ, অস্ট্রেলিয়ায় প্রায় ১৮ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ শতাংশ।

এ ছাড়া জার্মানি, সিশেলস, গুয়াতেমালা, লেবানন, নাইজেরিয়া, কানাডা, অস্ট্রিয়া, চীন, লুক্সেমবার্গ ও জিম্বাবুয়েতেও উল্লেখযোগ্য হারে পেট্রোলের দাম বেড়েছে।

যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারিতে প্রতি গ্যালন নিয়মিত পেট্রোলের গড় দাম ছিল ২ দশমিক ৯৪ ডলার। যুদ্ধ শুরুর পর তা বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৫৮ ডলারে, অর্থাৎ প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে পেট্রোলের দাম প্রতি গ্যালন চার ডলার ছাড়িয়েছে। ক্যালিফোর্নিয়ায় তা পাঁচ ডলারেরও বেশি, যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়ায় জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে এবং তার প্রতিফলন দেখা যাচ্ছে বিভিন্ন দেশের খুচরা জ্বালানি দামে।

তবে এখন পর্যন্ত বাংলাদেশের জ্বালানি বাজারে এ ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণা আসেনি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে আফগানিস্তানে (৬ দশমিক ৮৪ শতাংশ)। এরপর পাকিস্তানে ৩ দশমিক ২৫ শতাংশ।

এর বাইরে, মিয়ানমারে পেট্রোলের দাম বেড়েছে ১ দশমিক ৪২ শতাংশ। এমনকি বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদক কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও তেলের দাম বেড়েছে। দেশ দুটিতে পেট্রোলের দাম বেড়েছে যথাক্রমে ২ দশমিক ৭৬ শতাংশ এবং ৬ দশমিক ৪৭ শতাংশ।

সূত্র: আল-জাজিরাকেএএ/