ক্যারিয়ারের শুরুর দিকে নানা রকম বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় শিল্পীদের। বিশেষ করে নারী শিল্পীদের ক্ষেত্রে অভিজ্ঞতাগুলো হয় একটু বেশিই বাজে। অনেককে যৌন হেনস্তার শিকার হতে হয়। তেমনি করে কাজের শুরুতেই এক বিবাহিত প্রযোজকের অস্বস্তিকর প্রস্তাবের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী রেণুকা শাহানে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনে নতুন করে আলোচনায় এসেছেন বলিউডের এই অভিনেত্রী।
রেণুকা জানান, এক প্রযোজক একদিন তার বাড়িতে এসে নিজের শাড়ির কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাবের সঙ্গে ছিল একটি শর্ত। ওই প্রযোজক নাকি তাকে নিজের সঙ্গে সময় কাটানোর কথাও বলেন এবং বিনিময়ে ‘হাতখরচ’ দেওয়ার প্রস্তাব দেন।
এই ধরনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন রেণুকা। তবে তার দাবি, এরপরই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে। যদিও সময়ের সঙ্গে ধীরে ধীরে তিনি আবার কাজের সুযোগ পেতে শুরু করেন।
সাক্ষাৎকারে অভিনেত্রী আরও একটি ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, অভিনেত্রী রাভিনা ট্যান্ডন এমন পরিস্থিতি মোকাবিলায় সবসময় সতর্ক থাকতেন। একবার আউটডোর শুটিংয়ের সময় তারা একই হোটেলে ছিলেন। তখন রাভিনা পরামর্শ দিয়েছিলেন, প্রতিদিন যেন তারা নিজেদের হোটেল রুম অদলবদল করে থাকেন যাতে কেউ ঠিকমতো জানতে না পারে কে কোন ঘরে আছেন।
রেণুকার মতে, এই ধরনের সতর্কতা অনেক সময় অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে সাহায্য করত।
এলআইএ