ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) উদ্যোগে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এমডিপি) সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান হয়। ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। সিটি ব্যাংকের সহযোগিতায় এই প্রোগ্রাম আয়োজন করা হয়।
প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন আইবিএর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক শেখ মোর্শেদ জাহান।
উপ-উপাচার্য মামুন আহমেদ সার্টিফিকেট কোর্সে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের ব্যাংকিং খাতে আস্থার সংকট নিরসন এবং নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে এ ধরনের প্রোগ্রাম কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি ব্যাংকিং খাতে নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের প্রোগ্রাম নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্বের বিকাশ ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে এমডিপি প্রোগ্রামে অংশগ্রহণকারী ১০৫ জনকে সনদপত্র দেওয়া হয়।
এফএআর/একিউএফ