আন্তর্জাতিক

ফের ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‌‘কিছুক্ষণ আগে’ ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। খবর এএফপির।

ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ‘হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে’ বলে জানানো হয়েছে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জনগণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, কেবল ইরানের বৈধ অধিকার স্বীকৃত হলেই এই যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান জানান, তিনি রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলেছেন এবং ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যে, এই সংঘাত ইহুদিবাদী শাসকগোষ্ঠী এবং মার্কিন যুক্তরাষ্ট্র ধরিয়েছে।

তিনি আরও বলেন, যে কোনো সমাধানের ক্ষেত্রে অবশ্যই ইরানের অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান ও ভবিষ্যতে হামলা রোধে আন্তর্জাতিক নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকতে হবে।

ইরানের প্রেসিডেন্টের এসব বক্তব্য এমন সময়ে এলো যখন সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হচ্ছে। রাশিয়া ইরানি নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে এবং লড়াই বন্ধের আহ্বান জানাচ্ছে।

টিটিএন