আন্তর্জাতিক

ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত

ইরানের বিভিন্ন এলাকায় রাতভর বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। এ সময় রাজধানী তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকতে দেখা গেছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কয়েক মিনিট আগেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা তেহরানের পশ্চিমাঞ্চলে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে শহরের পূর্বদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার লক্ষণও দেখা গেছে।

রাজধানীর বাইরে দেশের আরও কয়েকটি এলাকাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর মধ্যে দক্ষিণ-পশ্চিমের আহভাজ, কেন্দ্রীয় শহর আরাক এবং তেহরানের দক্ষিণে অবস্থিত কাশান উল্লেখযোগ্য। এছাড়া তেহরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি উপশহরেও হামলার খবর পাওয়া গেছে।

ফলে রাজধানী ও আশপাশের এলাকায় রাতজুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

গত কয়েক দিনে দেশজুড়ে সামরিক ও বেসামরিক উভয় ধরনের স্থাপনাই হামলার লক্ষ্য হয়েছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এর আগেও তেহরানের নিরাপত্তা চৌকিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম