দেখতে দেখতে পেরিয়ে গেছে ছয় মাস। তবুও ভারতের আসামের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু ঘিরে ধোঁয়াশা কাটেনি এখনো। গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় এই জনপ্রিয় শিল্পীর। সেই ঘটনার তদন্ত নিয়ে নানা প্রশ্ন উঠলেও এখনো পরিষ্কার কোনো ব্যাখ্যা মেলেনি।
এবার এক সাক্ষাৎকারে জুবিনকে নিয়ে নতুন তথ্য জানালেন তার স্ত্রী গরিমা শইকীয়া। তিনি বলেন, জীবনে প্রায় কোনো কিছুকেই ভয় পেতেন না জুবিন। তবে একটি বিষয় নিয়ে তিনি প্রায়ই আতঙ্কের কথা বলতেন-তা হলো সময়।
সাম্প্রতিক সেই সাক্ষাৎকারে গরিমাকে প্রশ্ন করা হয়, জুবিন কি কখনো কোনো কিছুকে ভয় পেতেন? জবাবে তিনি বলেন, “ও কোনো কিছুকেই ভয় পেত না। তবে গত কয়েক বছর ধরে জুবিন বলত, ‘আমার যদি কখনো কোনো কিছুকে ভয় লাগে, সেটা হলো সময়।’ ঘড়ি দেখিয়ে বলত, ‘সময়কেই আমি ভয় পাই, আর কোনো কিছুকে নয়।’”
কেন মৃত্যুর আগে বারবার সময়কে ভয় পাওয়ার কথা বলতেন জুবিন- তা আজও পরিষ্কার নয় গরিমার কাছে। তার ভাষায়, “আমি জানি না কেনো ও এমন বলত। হয়তো ভিতর থেকে কোনো আভাস পেয়েছিল, অথবা সৃষ্টিকর্তার সঙ্গে কোনো অদ্ভুত সংযোগ অনুভব করেছিল।”
গরিমা আরও জানান, খুব অল্প সময়ের মধ্যেই জীবনে বড় ধাক্কা পেয়েছিলেন জুবিন। তার মা, বোন এবং সবচেয়ে কাছের এক বন্ধুকে হারিয়েছিলেন তিনি। পরপর এত প্রিয়জনকে হারানোর অভিজ্ঞতাই হয়তো তাকে সময় নিয়ে ভয় বা অস্বস্তির মধ্যে ফেলেছিল।
আরও পড়ুন:বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার, কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে নায়িকার প্রশ্ন এপেস্টিন ফাইলস নিয়ে সতর্কবার্তা দিলেন আমির খান
উল্লেখ্য, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় জুবিন গার্গের। তবে সেটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে-তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। ফলে জনপ্রিয় এই গায়কের মৃত্যু ঘিরে রহস্য কাটেনি আজও।
এমএমএফ