মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের সময় কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ মার্চ) ভোররাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদস্যরা পালংখালী কাটাখাল এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, ১৩ মার্চ রাত আনুমানিক ২টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল পালংখালী বিওপি’র সীমান্তের কাটাখাল নামক এলাকায় অবস্থান নেয়। পরে ভোর সাড়ে ৩টার দিকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।
তিনি জানান, এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা তাদের বহন করা দুটি বস্তা ফেলে দ্রুত লোকালয়ের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নীল প্লাস্টিকের বস্তার ভেতরে থেকে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জাহাঙ্গীর আলম/কেএইচকে/এএসএম