কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি হয়েছে। এতে আমের মুকুলসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি শুরু হয়।
জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হলে আম, লিচু, কাঁঠালসহ নানা ফলের গাছের নতুন মুকুল ঝরে পড়ে।
উলিপুরের ধামশ্রেণী ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামের কৃষক আল আমিন বলেন, প্রায় ৩০ শতক জমিতে ভুট্টা চাষ করেছি। কিন্তু হঠাৎ শিলাবৃষ্টির কারণে ভুট্ট গাছ মাটিতে পড়ে ক্ষেতের ব্যাপক ক্ষতি হলো।
সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক ছবরুল আলী বলেন, সন্ধ্যার পরে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। তবে এ এলাকায় বেশিক্ষণ ছিল না। এরপরও কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে।
রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রোকনুজ্জামান মানু/এমএস