নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহ নিশ্চিত না করা হলে আগামী ১৬ মার্চ থেকে রাজশাহী জেলার সব ফিলিং স্টেশন ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন পাম্প মালিকরা।
শনিবার (১৪ মার্চ) সকালে রাজশাহী মহানগরে জ্বালানি তেলের সংকট ও সরবরাহ পরিস্থিতি নিয়ে পাম্প মালিকদের এক আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন তারা।
রাজশাহী নগরীর পদ্মা গার্ডেনের কফিবার রেস্তোরাঁয় এ সভা আয়োজন করে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন-এর রাজশাহী জেলা শাখা।
সভায় নেতারা কয়েকটি দাবি উত্থাপন করেন। তারা জানান, নিরবচ্ছিন্নভাবে তেল সরবরাহ নিশ্চিত না করা হলে আগামী ১৬ মার্চ থেকে রাজশাহী জেলার সব ফিলিং স্টেশন ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হবে এবং নিরাপত্তার স্বার্থে পাম্পও বন্ধ রাখা হতে পারে। এছাড়া সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরাপত্তা ও মজুদের ভিত্তিতে পেট্রোল ও অকটেন বিক্রি করা হবে এবং ডিজেল মজুত থাকলে তা দিনরাত বিক্রি করা হবে বলে জানান তারা।
এসময় বক্তারা বলেন, রাজশাহী একটি বিভাগীয় শহর হওয়ায় এখানে জ্বালানি তেলের চাহিদা তুলনামূলক বেশি। কিন্তু প্রয়োজন অনুযায়ী তেল উত্তোলন করা সম্ভব না হওয়ায় অনেক পাম্প নানা সমস্যার মুখে পড়ছে। এমনকি পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় কিছু কিছু পাম্পে মবের হামলার আশঙ্কাও দেখা দিয়েছে।
সভায় পাম্প মালিকরা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান। পাশাপাশি কৃষি কাজের সুবিধার্থে এজেন্সি পয়েন্টের মাধ্যমে তেল সরবরাহের ব্যবস্থাও করার আহ্বান জানান তারা।
এসময় নেতারা ঘোষণা দেন, আগামীকাল রোববার রাজশাহী জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. আব্দুল আওয়াল খান জোতি, সভাপতি মো. মনিমুল হক, নেতা মো. আনিসুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ মো. আমিনুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক মো. মোখলেসুর রহমানসহ জেলার বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকরা উপস্থিত ছিলেন।
সাখাওয়াত হোসেন/কেএইচকে