জাতীয়

দেশের ট্রেনে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট

দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবার পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিএসসিএল জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) থেকে ট্রেনে স্পেসএক্সের স্টারলিংকের ইন্টারনেট চালু করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে এই পাইলট প্রকল্প শুরু হয়েছে। বর্তমানে কয়েকটি আন্তঃনগর ট্রেনে এই সেবা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে৷ ট্রেনের যাত্রীরা বগির ভেতরে থাকা কিউআর কোড স্ক্যান করে নেটওয়ার্কে যুক্ত হতে পারবেন।

এই উদ্যোগের ফলে যাত্রীরা স্যাটেলাইটের মাধ্যমে ট্রেনের ভেতরেই ওয়াই-ফাই ব্যবহার করতে পারছেন। প্রাথমিক পর্যায়ে পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেসে এই সেবা চালু হয়েছে।

পরীক্ষামূলক প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য আন্তঃনগর ট্রেনেও স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করা হতে পারে।

এনএস/বিএ