খাগড়াছড়ির দীঘিনালায় স্থানীয় বাজার থেকে একটি বনমোরগ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটিকে পাহাড়ি বনে অবমুক্ত করা হয়।
শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে বনমোরগটি উদ্ধার করেন মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. জাফর উল্লাহ এবং হাজাছড়া রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা আবু নাইম মো. শহিদুল আলম।
এসময় বন বিভাগের কর্মকর্তারা জানান, বনমোরগটি স্থানীয়ভাবে বিক্রির উদ্দেশ্যে বোয়ালখালী বাজারে আনা হয়েছিল। বিষয়টি গোপনসূত্রে জানতে পেরে বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে সেটি উদ্ধার করে।
পরে দুপুর আড়াইটায় দীঘিনালার পাহাড়ি বনে বনমোরগটি অবমুক্ত করা হয়।
হাজাছড়া রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা আবু নাইম মো. শহিদুল আলম বলেন, বনমোরগ একটি বন্যপ্রাণী এবং এটি প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। তাই সবাইকে সচেতন হতে হবে, যেন কেউ এসব বন্যপ্রাণী ধরে বা বিক্রি না করে।
তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ সম্ভব নয়। কোথাও বন্যপ্রাণী শিকার বা অবৈধভাবে বিক্রির চেষ্টা দেখলে দ্রুত বন বিভাগকে জানানোর অনুরোধ জানান তিনি।
প্রবীর সুমন/এএইচ/এমএস