খেলাধুলা

মিরপুরে ট্রফির লড়াই: আজ মিরাজদের লক্ষ্য সিরিজ জয়, চোখ র‍্যাংকিংয়েও

নাহিদ রানার গতির ঝড়ে প্রথম ম্যাচেই বাজিমাত করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বৃষ্টির বাগড়া আর ব্যাটিং বিপর্যয়ে ধাক্কা বড় হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। আজ (রোববার) মিরপুরে সিরিজের শেষ ওয়ানডে তাই রূপ নিয়েছে এক অঘোষিত ফাইনালে। দুপুর ২টা ১৫ মিনিটে মাঠে নামার আগে বাংলাদেশের সামনে লক্ষ্য পরিষ্কার- পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় এবং আইসিসি র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান এক ধাপ এগিয়ে নেওয়া।

শুক্রবার দ্বিতীয় ম্যাচে ১২৮ রানের বড় হার থাকলেও মিরাজদের আত্মবিশ্বাসের রসদ দিচ্ছে ইতিহাস। ২০১৫ সাল থেকে ধরলে দেখা যায়, বাংলাদেশ অন্তত ৬টি সিরিজ জিতেছে যেখানে তারা দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছিল। এমনকি সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দ্বিতীয় ম্যাচ হারার পর শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ট্রফি জিতেছিল টাইগাররা। মিরপুরের চেনা উইকেটে আজ সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে মরিয়া টিম বাংলাদেশ।

আজকের ম্যাচটি কেবল ট্রফির লড়াই নয়, এর সাথে জড়িয়ে আছে ২০২৭ বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়ার হিসাবও। বর্তমানে বাংলাদেশ ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের ১০ নম্বরে আছে। আজ জিতলে ৩ রেটিং পয়েন্ট যোগ হয়ে বাংলাদেশ উঠে আসবে ৯ নম্বরে। আগামী বছরের মার্চের মধ্যে সেরা ৮-এ থাকতে পারলে কোয়ালিফায়ারের ঝামেলা ছাড়াই বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা হবে বাংলাদেশের।

স্পিন কোচ মুশতাক আহমেদ আর অধিনায়ক মিরাজ- উভয়ই স্বীকার করেছেন যে দ্বিতীয় ম্যাচে হারার প্রধান কারণ ছিল দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং। ৩৪ ওভারে ২৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১৪ রানে অলআউট হওয়াটা মানতে পারছেন না কেউই। আজ তাই টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার- সবাইকেই বড় স্কোর গড়ার দায়িত্ব নিতে হবে।

আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে দুই থেকে তিনটি পরিবর্তন দেখা যেতে পারে। ওপেনিংয়ে বা মিডল অর্ডারে ফিরতে পারেন সৌম্য সরকার; সেক্ষেত্রে গত ম্যাচে ব্যর্থ আফিফ হোসেনকে বেঞ্চে বসতে হতে পারে। পেস অ্যাটাক আরও ধারালো করতে শরিফুল ইসলামকে ফেরানো হতে পারে একাদশে। সেক্ষেত্রে অভিজ্ঞ তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা আছে।

এসকেডি/আইএইচএস/