খেলাধুলা

যুদ্ধের প্রভাবে বাতিল ফিনালিসিমা

এবারের ফিনালিসিমা নিয়ে আগ্রহের কমতি ছিলো না ফুটবল ভক্তদের। ইরান-ইসরায়েল সংঘাতের কারণে অনিশ্চতা তৈরি হওয়ার পরও আশা করা হচ্ছিল সান্তিয়াগো বার্নাব্যুতে হতে পারে আর্জেন্টিনা-স্পেন লড়াই। কিন্তু শেষ পর্যন্ত সেটি বাতিল করতে বাধ্য হলো উয়েফা।

আজ রোববার আনুষ্ঠানিকভাবে, ফিনালিসিমা বাতিল হওয়ার খবরটি নিশ্চিত করেছে উয়েফা।

২০২৪ ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি ২৭ মার্চ কাতারে হওয়ার কথা ছিল। কিন্তু যুদ্ধের কারণে সেই ভেন্যুতে ম্যাচ হওয়া সম্ভব নয়। লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের লড়াই দেখতে উন্মুখ হয়ে অপেক্ষায় ছিল ফুটবলবিশ্ব।

এক বিবৃতিতে উয়েফার জানিয়েছে, কাতারে আয়োজনের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তারা কাতারের আয়োজক কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছে। একই সঙ্গে আশা প্রকাশ করেছে, শিগগিরই ওই অঞ্চলে শান্তি ফিরবে।

উয়েফা বেশ কয়েকটি বিকল্প ভেন্যুও প্রস্তাব করা হয়েছিল ম্যাচটি আয়োজনের জন্য। প্রথমে সমান সংখ্যক সমর্থক বন্টনের মাধ্যমে ২৭ মার্চ মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি আয়োজনের প্রস্তাব করা হয়। পরবর্তীতে দুই লেগে আয়োজনের কথাও বলা হয়। যার একটি ম্যাচ স্পেনের মাদ্রিদে, আরেকটি আর্জেন্টিনার বুয়েনস আইরেসে।

এরপর নিরপেক্ষ ভেন্যুতেও আয়োজনের চেষ্টা করা হলেও কোনো প্রস্তাবেই আর্জেন্টিনা সম্মতি দেয়নি বলে জানিয়েছে উয়েফা।

বিশ্বকাপের পর আর্জেন্টিনা ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিলেও তখন স্পেনের ফাঁকা সূচি না থাকায় সেটিও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কেবল ৩১ মার্চ ম্যাচটি খেলার প্রস্তাব দেয় আর্জেন্টিনা। সেটিও সম্ভব না হওয়ায় এরপরই টুর্নামেন্টটি বাতিলের সিদ্ধান্ত নেয় উয়েফা।

২০২২ সালের আসরে আর্জেন্টিনা ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল।

আইএন