দেশজুড়ে

বগুড়ায় ৩০ টাকার লাউ ১৫, ৫০ টাকার বেগুন ২০

রমজানের প্রথম ১০ দিন পার হতেই উত্তরবঙ্গের বৃহত্তম সবজির বাজার বগুড়ার মহাস্থান হাটে সবজির দামে বড় ধরনের পতন ঘটেছে। সপ্তাহের ব্যবধানে বেগুন, টমেটো, আলু ও লাউসহ প্রায় সব ধরনের সবজির দাম অর্ধেক বা তারও বেশি কমেছে।

রোববার (১ মার্চ) বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে যে বেগুন ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, আজ বাজারে তা মিলছে মাত্র ২০ টাকায়।

সরেজমিনে দেখা যায়, বাজারে সবজির প্রচুর সরবরাহ। দামও খুবই কম। শিবগঞ্জের রায়নগর থেকে আসা সবজি চাষি আফজাল হোসেন আক্ষেপ করে বলেন, ‌‘রমজানের শুরুতে এক পিস লেবু ১২ টাকায় বেচছি। আজ ১০ রোজার পর পাইকাররা ৭-৯ টাকার বেশি বলছে না। ৩০ টাকার বড় লাউ এখন ১৫ টাকা। কামলা খরচ আর গাড়ি ভাড়াইতো উঠছে না।’

বাজারে আসা লেবু ও লাউয়ের দামেও বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। গত সপ্তাহে ৩০ টাকা দরে বিক্রি হওয়া লাউ আজ মাত্র ১২ থেকে ১৫ টাকায় মিলছে। একইভাবে ৪০ টাকা কেজির মিষ্টি লাউ আজ ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে ১৪ টাকা কেজি দরে। একইভাবে ৩০ টাকা কেজি দরের টমেটো আজ মানভেদে ২০ টাকা।

সবজি কিনতে আসা শহরের ফুলবাড়ী এলাকার ক্রেতা শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘প্রথম ১০ রোজা বাজারের যে চড়া অবস্থা ছিল, তাতে ভয় পেয়েছিলাম। এখন মহাস্থান হাটে এসে দেখছি টমেটো আর আলুর দাম অনেক কমেছে। সবজির দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে।’

তবে বাজারের এ নিম্নমুখী প্রবণতার মধ্যেও ব্যতিক্রম দেখা গেছে ফুলকপি ও খিরার ক্ষেত্রে। গত সপ্তাহে ১৫ টাকা পিস দরে বিক্রি হওয়া ফুলকপি এ সপ্তাহে পাঁচ টাকা বেড়ে ২০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ৪০ টাকা কেজি দরে বিক্রি হওয়া খিরা আজ ১০ টাকা বেড়ে ৫০ টাকায় ঠেকেছে। বাঁধাকপি ৮ টাকা পিস হিসেবে আগের দামেই স্থিতিশীল রয়েছে।

হাটের পাইকারি ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, রমজানে এবার ফলন অনেক বেশি হয়েছে। প্রথম কয়েকদিন চাহিদা থাকলেও এখন ঢাকার বাজারে সবজির টান কম। এজন্য মহাস্থান হাটে দাম পড়ে গেছে। সরবরাহ এমন থাকলে সামনে দাম আরও কমতে পারে। সরবরাহ বাড়ার কারণেই বাজারে এ দরপতন বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এসআর/এমএস