দেশজুড়ে

মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের প্রার্থী আবিদুর রহমান

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান। সোমবার (২ মার্চ) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

আবিদুর রহমান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া শহর শাখার আমিরের দায়িত্বে রয়েছেন। স্থানীয় রাজনীতিতে তিনি সোহেল নামেও পরিচিত।

মনোনয়নপত্র দাখিলের সময় আবিদুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আবদুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অফিস সম্পাদক আবদুল হামিদ বেগ, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন এবং ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবিদুর রহমান। তিনি বলেন, বগুড়া সদরের মানুষ বারবার একটি নির্দিষ্ট প্রতীককে ভালোবেসে ভোট দিয়ে শেষ পর্যন্ত প্রতারিত হয়েছেন। সাধারণ মানুষ আর প্রতারিত হতে চান না। তারা এবার পরিবর্তন খুঁজছেন। আসন্ন উপনির্বাচনে ভোটাররা তাকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বগুড়া-৬ আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপনির্বাচনকে কেন্দ্র করে জেলার রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময়ে আবিদুর রহমান সোহেলসহ ৩ জন প্রার্থী জমা দিয়েছে।

এল.বি/কেএইচকে/এএসএম