যাত্রার শুরুতেই বিশেষ মেডিকেল ক্যাম্পে ১২০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিয়েছে আইরিচ আই হসপিটাল। রাজধানীর মোহাম্মাদপুরে (বেড়িবাঁধ এলাকার রাস্তায়) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে হাসপাতালটি।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত দুদিনব্যাপী বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পে ১২০০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেন ড্রিমার্স কনসালটেশন রিসার্চের একঝাঁক তরুণ চিকিৎসক।
এতে রোগীদের আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ভিটামিন-ডি, এইচবিএ১সি (HbA1c)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা এবং সব ধরনের রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা হয়। পাশাপাশি চশমার ওপর ৫০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হয়।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) বোর্ড সদস্য শফিকুর রহমান হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম. এইচ. শিশির কাউছার বলেন, সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বমানের চক্ষু চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং তা সকব শ্রেণির মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। একই ছাতার নিচে উচ্চবিত্ত থেকে শুরু করে সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষও উন্নতমানের চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পাবে।
চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. এস এম ফাহাদ বলেন, অর্থের অভাবে কেউ যেন চিকিৎসাসেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়—প্রয়োজনে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ফ্যাকো সার্জারিসহ গুরুত্বপূর্ণ অপারেশন ও চিকিৎসার ব্যবস্থা অব্যাহত রাখছি। এ অঙ্গীকার নিয়েই আইরিচ আই হসপিটালের যাত্রা।
হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এখানে ক্যাটারেক্ট সার্জারি, রেটিনা, গ্লকোমা, কর্ণিয়া, অকুলোপ্লাস্টি, নিউরো-অফথালমোলজি, পেডিয়াট্রিক অফথালমোলজি এবং লো-ভিশনসহ চোখের সব বিশেষায়িত সেবা দেওয়া হবে। আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসক দলের সমন্বয়ে মানসম্মত চক্ষু চিকিৎসা নিশ্চিত করে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—আনসার ও ভিডিপির মেডিকেল ডিরেক্টর মেজর ডা. সাইদুজ্জামান তরফদার, চক্ষু বিশেষজ্ঞ ডা. রাশেদুল হক, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইলিয়াছ, ব্যবসায়ী আরিফুল হক, আইডিইবি-র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী জয়নাল আবেদীন, ব্যবসায়ী রবিউল ইসলাম রুবেল, মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এ. এন. এম. মজুমদার লিটন, ফ্লোরা ফুড অ্যান্ড বেভারেজের সিইও প্রকৌশলী শাহেদুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মারুফ প্রমুখ।
এসইউজে/এমকেআর