দেশজুড়ে

ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করে কোটি টাকা মুক্তিপণ দাবি

যশোরে জাহাঙ্গীর আলম (৪৮) নামের এক ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (৩ মার্চ) ভুক্তভোগীর স্ত্রী রেশমা খাতুন যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অপহৃত জাহাঙ্গীর আলম তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে শহরতলি খোলাডাঙ্গা কদমতলা এলাকায় বসবাস করেন। তিনি শহরের শংকরপুরে ভেটেরিনারি হাসপাতালের সামনে আরআর মেডিকেল নামে ভেটেরিনারি ওষুধের ব্যবসা করে আসছিলেন। ঘটনার পর থেকে উদ্বেগ- উৎকণ্ঠায় সময় পার করছে তার পরিবার।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর সোমবার (২ মার্চ) রাতে দোকান বন্ধ করে তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলে করে খোলাডাঙ্গা কদমতলার বাসায় ফিরছিলেন। পথে চাঁচড়া রায়পাড়া পীরবাড়ি মোড়ে পৌঁছালে একটি প্রাইভেটকারে কয়েকজন এসে গতিরোধ করেন এবং তাকে অপহরণ করে নিয়ে যান। অপহরণের পরে জাহাঙ্গীর আলমের ব্যবহৃত ফোন নম্বর থেকে রাত ১০টার দিকে তার স্ত্রীর ফোনে কল করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। নইলে তাকে হত্যা করা হবে মর্মে হুমকি দেওয়া হয়। এরপর থেকে মোবাইলফোনটি বন্ধ রয়েছে।

অপহৃত জাহাঙ্গীরের স্ত্রী রেশমা খাতুন বলেন, সাত বছর ধরে শংকরপুর ভেটেরিনারি হাসপাতালের সামনে ভেটেরিনারি ওষুধের ব্যবসা করে আসছেন তার স্বামী। রাতে তারাবি পড়ে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন প্রতিদিন। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে ইফতার নিয়ে দোকানে যান। এরপর তারাবি পড়ে বাড়ি ফিরছিলেন। পথে তাকে অপহরণ করা হয়।

তিনি বলেন, ‌‘রাত ১০টার দিকে জাহাঙ্গীরের নম্বর থেকে হঠাৎ কল আসে। জাহাঙ্গীর আমাদের বলেন, কয়েকজন আমারে তুলে নিয়ে যাচ্ছে। আমাকে বাঁচাতে হলে এক কোটি টাকা দেওয়া লাগবে। টাকা না দিলে আমাকে তারা খুন করবে। এতটুকু বলেই ফোন কেটে দেন। এরপর থেকে ফোনটি বন্ধ রয়েছে। কোথায় কীভাবে টাকা দিতে হবে সেটা বলেনি তখন।’ এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে। আশা করি দ্রুত উদ্ধার করতে পারবো।

মিলন রহমান/এসআর/এএসএম