সাইপ্রাসে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্স বেইজ আখ্রোতিরিতে সোমবার হওয়া ড্রোন হামলা ইরান থেকে করা হয়নি বলে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তারা এ তথ্য জানায়।
ওই পোস্টে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, সারারাত ধরে ব্রিটিশ এফ-৩৫বি যুদ্ধবিমানগুলো মধ্যপ্রাচ্যে অভিযান চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্য এই অঞ্চলে নিজেদের এবং মিত্রদের ঘাঁটিগুলোতে পুনরায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে।
তারা ওই পোস্টে আরও জানায়, সাইপ্রাসে অতি দ্রুতই মার্টলেট ক্ষেপণাস্ত্রে সজ্জিত এবং আকাশযুদ্ধে দক্ষ রয়্যাল নেভির ওয়াইল্ডক্যাট হেলিকপ্টার পাঠানো হবে। মন্ত্রণালয় এ-ও নিশ্চিত করেছে যে, সোমবার মধ্যরাতে ব্রিটিশ বেইজ আখ্রোতিরিতে ইরানি শাহেদ ড্রোনের মতো দেখতে যে ড্রোনটি আঘাত হানে সেটি ইরান থেকে ছোড়া হয়নি।
এএমএ