লন্ডনে দায়িত্বরত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে দেশে প্রত্যাহার করেছে সরকার। প্রায় এক বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর তাকে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বর্তমানে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা লন্ডনে অবস্থান করছেন।
স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) লন্ডনে উপস্থিত সাংবাদিকদের ‘একটা সুখবর আছে’ উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে সরিয়ে ফেলা হয়েছে।’
তিনি বলেন, ‘যে হাইকমিশনার ডিভাইসিভ (বিভেদমূলক) আচরণ করে কমিটিকে (লন্ডনস্থ বাংলাদেশ কমিউনিটির কমিটি) ডিভাইড (বিভক্ত) করে রেখেছ, যে আওয়ামীকরণ করেছে হাইকমিশনকে, আওয়ামী লীগের ধান্দায় চলছে, কমিটির ধান্দা নাই, বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না, এই হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।’
কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের সময়ে কোনো রাষ্ট্রদূত বা মিশনপ্রধানকে প্রত্যাহার করার এটিই প্রথম ঘটনা।
২০২৫ সালের জানুয়ারিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আবিদা ইসলামকে লন্ডনে হাইকমিশনার হিসেবে পাঠিয়েছিল। এর আগে বহুল আলোচিত হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে প্রত্যাহার করা হয়েছিল।
জ্যেষ্ঠ কূটনীতিক আবিদা ইসলাম এর আগে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। তার আগে দক্ষিণ কোরিয়ায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া কলকাতায় বাংলাদেশের প্রথম নারী ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে তিনি আমেরিকা অনুবিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব সামলেছেন।
জেপিআই/এমকেআর