জাতীয়

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসার একটি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসার একটি ও যাওয়ার দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে মঙ্গলবার বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে সাতটি ফ্লাইট এসেছে এবং ছয়টি ছেড়ে গেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার এরাবিয়া, বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলার শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরের মোট ৯৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এমআরএএইচ/একিউএফ