বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী সুপার নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে আলোচনা করতে সভা আহ্বান করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংস্থাটির সম্মেলন কক্ষে এ সভা হবে।
বুধবার (১১ মার্চ) এনটিআরসিএর এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, অষ্টম এনটিআরসিএ নিয়োগ প্রতিষ্ঠানপ্রধান (অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার) এবং সহকারী প্রধান (উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, সহকারী সুপার) পরীক্ষা-২০২৬ আয়োজনের লক্ষ্যে পরীক্ষা গ্রহণ কমিটির তৃতীয় সভা আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় এনটিআরসিএর চেয়ারম্যানের সভাপতিত্বে সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
সভায় অষ্টম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নকারী ও পরিশোধনকারীদের তালিকা চূড়ান্তকরণ এবং প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের জন্য সেমিনার বা প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের বিষয়েও আলোচনা হবে।
এদিকে, মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর কয়েকটি অনুচ্ছেদ সংশোধন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে, যা বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে প্রতিষ্ঠানপ্রধান হতে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত যুক্ত করা হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি প্রকাশিত এনটিআরসিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১৩ হাজার ৫৫৯টি শূন্যপদের বিপরীতে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষা নেওয়া হবে।
প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানের নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছিল। তবে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ হলে আগের বিজ্ঞপ্তি বাতিল হতে পারে। সেক্ষেত্রে নতুন করে আবেদন নেওয়া হবে এবং পরীক্ষাও পিছিয়ে যাবে।
এএএইচ/একিউএফ