আইন-আদালত

মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৩০ মার্চ

জুলাই-আগস্ট গণঅভুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ৩০ মার্চ দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (১১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ঠিক করেন। এর আগে গত ২ মার্চ চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অভিযোগ গঠনের শুনানি করেন।

তিনি বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে মেনন ও কামরুল নানা উসকানি দেন। তারা আওয়ামী লীগ সরকার ও ১৪ দলীয় জোটের শীর্ষপদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার এবং কারফিউ জারির প্ররোচনা দেন। তাদের ধারাবাহিক ষড়যন্ত্রে রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। শুনানিতে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আবেদন করেন তিনি।

তবে অভিযোগ থেকে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। বুধবার শুনানি শেষে আবেদন খারিজ করা হয়।

গত ৩ ফেব্রুয়ারি মেনন ও কামরুলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আদালত তাদের হাজির করার নির্দেশ দেয়। মেনন ও কামরুলের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দুটি ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে তারা কারাগারে আছেন।

এফএইচ/ইএ