নওগাঁয় পৃথক দু’টি বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে জেলার ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রাম ও মান্দা উপজেলার চকরামপুর গ্রামে এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমান (৩৮) ও মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া গ্রামের পিন্টু হোসেন (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে ক্ষেত থেকে শসা সংগ্রহের সময় হঠাৎ বজ্রাঘাতের শিকার হন মোখলেছুর রহমান। ঘটনার পর তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। ধামইরহাট থানার পরিদর্শক মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে মান্দা থানার পরিদর্শক মাসুদ রানা জানান, বাড়ির পাশে একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টু হোসেন মারা যান। নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
আরমান হোসেন রুমন/এমএন/এএসএম