জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। শুটিং ও নতুন কাজ নিয়েই বছরের প্রায় পুরো সময় ব্যস্ত থাকেন তিনি। পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন স্টেজ শোতেও নিয়মিত অংশ নেন এই অভিনেত্রী। আপাতত তার সময় কাটছে রোজা পালন ও ঈদের কেনাকাটা নিয়ে। ঈদুল ফিতর উপলক্ষে চারদিকে ইতোমধ্যে শুরু হয়েছে কেনাকাটার ধুম। সাবিলাও এরইমধ্যে গুছিয়ে এনেছেন কেনাকাটা। তিনি বলেন, ‘পরিবারের জন্য কেনাকাটা শেষ। তবে নিজের জন্য সেভাবে কিছু কেনা হয়নি এখনো। গিফট পেয়েছি বেশকিছু। বর দিয়েছে, শাশুড়ি দিয়েছেন। আমার বাবা-মা এবার দুই বছর পর আমার সঙ্গে ঈদ করছেন। তারাও গিফট দিয়েছেন।’
ঈদ মৌসুমে স্মৃতির জানলায় হাতছানি দেয় শৈশব। সে সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আমার নানাবাড়ি-দাদাবাড়ি দুটোই যেহেতু চট্টগ্রামে সেহেতু পরিবারের সবাইকে নিয়ে অর্থাৎ কাজিনদের সঙ্গে খুব এনজয় করে সময় কাটানো হতো। ঘুরতে যাওয়া হতো। সালামি নিয়ে দৌড়ঝাঁপ-মারামারি হতো।’
ঈদে ছোটদের কাছে সোনার হরিণ হলো সালামি। সাবিলার ক্ষেত্রেও ব্যতিক্রম ছিল না। বললেন, ‘নানা-নানি, দাদা-দাদির কাছ থেকে সালামি নিতাম। সবার আগে তাদের কাছ থেকেই সালামি পাওয়ার প্রতিযোগিতা চলতো। পাওয়ার পর মায়ের কাছে জমা দিতাম।’
ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় চিত্রা চরিত্রে ধরা দেবেন সাবিলা নূর। আরও অভিনয় করেছেন শরিফুল রাজ, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, মোশাররফ করিম প্রমুখ।
এমআই/এলআইএ