আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঢাকার বছিলা লঞ্চঘাট ও কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যে ১৭ মার্চ থেকে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু হচ্ছে।
ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে বিশেষ নৌসেবার আওতায় এই উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
নৌ-মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাঞ্চন ব্রিজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া–ডেমরা–নারায়ণগঞ্জ–চাঁদপুর–কালিগঞ্জ–হিজলা হয়ে বরিশাল পর্যন্ত নৌযান চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এছাড়া ঢাকার বছিলা ব্রিজসংলগ্ন বছিলা লঞ্চঘাট থেকে বছিলা–সদরঘাট–মুন্সিগঞ্জ–চাঁদপুর–ঈদগা ফেরিঘাট এবং শরীয়তপুর–ইলিশা–হাকিমুদ্দিন–গলাচিপা রুটে যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।
ঈদযাত্রা নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নৌপথে যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া যাত্রীদের নির্ধারিত নৌপথ ব্যবহার করে নিরাপদে যাতায়াতের জন্য অনুরোধ জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয় নৌপথে চলাচলকারী যাত্রীদের কোনো জরুরি প্রয়োজনে ও সেবা সংক্রান্ত বিষয়ে বিআইডব্লিউটিএ’র হটলাইনে (নম্বর- ১৬১১৩) যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আরএমএম/এমআইএইচএস