দেশের কোটি মানুষকে গরিব রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানিয়েছেন নোয়াখালী-১ আসনে বিএনপির সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় গরিব অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
খোকন বলেন, সরকার দারিদ্র্য বিমোচনে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশষ্য (চাল) বিতরণের পাশাপাশি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে। এ কার্ড প্রাপ্তরা প্রতিমাসের সংসার খরচের একটা অংশ সরকার থেকে পাবেন।
তিনি আরও বলেন, সরকারের দেওয়া খেজুর এবার নামকাওয়াস্তে বিতরণ না করে প্রকৃত এতিমদের মাঝে বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব বরাদ্দ গরীব অসহায়দের মাঝে সুসম বন্টনের ব্যবস্থা করা হবে।
এসময় সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতার, বজরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওমর ফারুক, সোনাইমুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন নাছির এবং বজরা ইউনিয়ন পরিষদের সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম