জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম ও হেডফোন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের দলীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, আমাদের হাউজে সাউন্ড সিস্টেম এত বড় বোঝা, মাথার ওপর দিয়ে সংসদে এক ঘণ্টা দুই ঘণ্টা বসা সবার জন্য কষ্টকর।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন শাহজাহান চৌধুরী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন হয়।
তিনি হেডফোন দেখিয়ে বলেন, ‘এখন এত বড় বোঝা মনে হয় এটা। একটা বাজেট করেছিল, আর সেখান থেকে লুটপাট বাহিনীরা একটা বিল করে খাওয়ার জন্য এ ব্যবস্থাটা করেছেন।’
সংসদ সদস্য শাহজাহান বলেন, আমরা এর আগে আরও দুবার সংসদে এসেছি, কিন্তু এত বড় একটা (হেডফোন দেখিয়ে) বোঝা মাথার ওপর দিয়ে এক-দুই ঘণ্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। এটা ছাড়া যাতে একটা সাউন্ড সিস্টেম হয়। ১৯৯১ সালের সংসদে এটা ছাড়াই সংসদ চালিয়েছি। ২০০১ সালেও চারদলীয় সরকারের সময়ও হয়েছে।
তিনি আরও বলেন, এজন্য সাউন্ড সিস্টেমটা সুন্দর করার জন্য একটি সাধারণ হেডফোন দিলে আমরা শুনতে পাই। কিন্তু এত বড় বোঝার দরকার নেই। হেডফোন ছাড়াও সংসদের সাউন্ড সিস্টেমটা আধুনিকায়ন করলে খুশি হবো।
এমওএস/এমআইএইচএস