পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারের পাঁচ কয়েদির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) রাষ্ট্রপতি স্বাক্ষরিত এক আদেশে তাদের সাজা মওকুফ করা হয় বলে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ নিশ্চিত করেছেন।
আদেশে বলা হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন অপরাধে দণ্ডিত অর্ধেকের বেশি সাজাভোগকৃত পাঁচজন কয়েদির অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, অন্য কোনো কারণে এসব কয়েদিকে আটক রাখার আবশ্যকতা না থাকলে জরিমানা/অর্থদণ্ড আদায়পূর্বক (প্রযোজ্য ক্ষেত্রে) তাদের অবিলম্বে মুক্তি প্রদানের জন্য অনুরোধ করা হলো।
সাজা মওকুফ পাওয়া পাঁচ কয়েদি হলেন- চাঁদপুর জেলা কারাগারে বন্দি আকাশ রিশি ওরফে আকাশ দাশ, লক্ষ্মীপুর জেলা কারাগারে বন্দি রবিউল হোসেন, রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি মো. জিকরুল হক ওরফে জিকু, রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি মো. নুরুজ্জামান, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি মো. আব্দুল করিম।
কেআর/ইএ