অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এ প্রকাশিত ড. মিজানুর রহমান আজহারী প্রণীত ‘এক-নজরে কুরআন’-এর সাফল্য এবং পাঠকদের সঙ্গে বইটির আত্মিক সম্পর্ক উদযাপনে অনুষ্ঠিত হয়েছে ‘বই উৎসব ২০২৬’। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করে সত্যায়ন প্রকাশন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন ‘এক নজরে কুরআন’-এর লেখক জনপ্রিয় আলেম ও ওয়ায়েজ ড. মিজানুর রহমান আজহারী। ‘বইয়ের আলোয় রাঙাই সময়’—এই স্লোগান সামনে রেখে দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের বরেণ্য ব্যক্তিবর্গ, করপোরেট লিডার এবং পাঠকরাও অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন ডা. শেখ মহিউদ্দিন, ডা. জাহাঙ্গীর কবির, ড. মোহাম্মদ আব্দুর রব, সানাউল্লাহ রাহমানী, মাওলানা সাইমুম সাদী প্রমুখ।
অনুষ্ঠানে মানুষের সচেতনতা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে পাঠাভ্যাস বৃদ্ধির ভূমিকা নিয়ে কথা বলেন ড. মিজানুর রহমান আজহারী। হায়ারোগ্লিফিক্স বা চিত্রলিপির মাধ্যমে মানুষের লিখন পদ্ধতির ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময়ের জ্ঞানচর্চার বিবর্তন তুলে ধরেন তিনি। মেধা ও মননের বিকাশে বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি বিশ্বের উন্নত দেশগুলোর সাথে বাংলাদেশের বই পড়ার চর্চার তুলনা করেন এবং বাংলাভাষী পাঠকদের পাঠাভ্যাস বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সত্যায়ন প্রকাশনের ইসমাইল হোসাইন বলেন, ‘এক-নজরে কুরআন’ বইটি দেশ-বিদেশের লাখো পাঠকের হৃদয় ছুঁয়ে গেছে, এই আনন্দকে স্মরণীয় করে রাখতেই আজকের এই আয়োজন। পাঠকদের এই ভালোবাসা আগামীতে আরও মানসম্মত ও সৃজনশীল কাজ করতে আমাদের উৎসাহিত করবে।
ওএফএফ