বাংলাদেশ হকির ইতিহাসে প্রথমবার গঠন হয়েছে নারী জাতীয় দল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে বসবে এশিয়ান গেমসের ২০তম আসর। এশিয়ার অলিম্পিকখ্যাত এই ক্রীড়াযজ্ঞে অংশ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ হকি ফেডারেশন নারী দলকে পাঠাচ্ছো বাছাইয়ে খেলতে। বাছাই পর্ব ২৩ এপ্রিল শুরু হবে ইন্দোনেশিয়ার জাকার্তায়।
এশিয়ান গেমসের ছেলেদের বাছাই শেষ হয়েছে। থাইল্যান্ডে হওয়া বাছাইয়ে পঞ্চম হয়ে কোয়ালিফাই করেছেন আশরাফুল ইসলামরা। এবার মেয়েদের মিশন। প্রথম অংশগ্রহণে মেয়েরা এশিয়ার গেমসের টিকিট ছিনিয়ে আনতে পারেন কিনা সেটাই দেখার।
তবে জাকার্তায় বাংলাদেশ ফলাফল যাই করুক, এই সফরের মাধ্যমে লেখা হয়ে যাবে দেশের হকিতে নতুন এক অধ্যায়। প্রথমবার বাংলাদেশ নারী জাতীয় হকি দলকে দেখা যাবে আন্তর্জাতিক ময়দানে। বাংলাদেশের মেয়েরা সোমবার দিবাগত রাত ২টায় বাংলাদেশ দল ইন্দোনেশিয়া রওনা হবেন।
বাংলাদেশের মেয়েরা বয়সভিত্তিক পর্যায়ে আন্তর্জাতিক হকিতে অংশ নিলেও জাতীয় দল কখনোই গঠন হয়নি। তাই এই সফরটি ঐতিহাসিক। ২৩ এপ্রিল চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক হকিতে অভিষেক হবে বাংলাদেশ জাতীয় নারী হকি দলের।
বাংলাদেশ জাতীয় নারী হকি দল গঠনের জন্য ক্যাম্প চলছে ১ ফেব্রুয়ারি থেকে। বিকেএসপির মেয়েদের বাইরে জেলার কয়েকজন খেলোয়াড় নিয়ে অনুশীলন করাচ্ছেন বাছাই পর্বের জন্য নির্বাচিত কোচ জাহিদ হোসেন রাজু। ২৬ জন নিয়ে ট্রেনিং চলছিল। সেখান থেকে ১৮ জন চূড়ান্ত করা হয়েছে জাকার্তার জন্য।
৮টি দল বাছাইয়ে অংশ নেবে। সেখান থেকে এশিয়ান গেমসে কোয়ালিফাই করবে চারটি দল। বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ চাইনিজ তাইপে, হংকং ও উজবেকিস্তান। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে- ইন্দোনেশিয়া, কাজাখস্তান, সিঙ্গাপুর ও শ্রীলংকা। ২৩ এপ্রিল চাইনিজ তাইপের বিপক্ষে অভিষেক আন্তর্জাতিক ম্যাচ খেলার পর বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে ২৪ এপ্রিল উজবেকিস্তান ও ২৬ এপ্রিল হংকংয়ের বিপক্ষে।
ইতিহাস গড়তে যাওয়া জাতীয় দলে যারা আছেন : অর্পিতা পাল, হিমাদ্রি বড়ুয়া সুখ, নীলাদ্রি বড়ুয়া নীল, রিয়াশা আক্তার ঋষি, নিনিশেন রাখাইন, তন্নি খাতুন, ধানুচিং মারমা, শারিকা সাফা রিমন, ফাতেমা তুজ-জোহরা, আইরিন আক্তার রিয়া, নাদিরা তালুকদার এমা, কনা আক্তার, জাকিয়া আফরোজ লিমা, মহুয়া, সানজিদা আক্তার মনি, রিতু আক্তার, ফারদিয়া আক্তার রাত্রি ও নাদিরা।
আরআই/আইএইচএস/