শিক্ষা

শিক্ষার ছয় মাসের পরিকল্পনা মন্ত্রিসভায় উঠছে বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ছয় মাসের পরিকল্পনা জানতে চেয়েছেন জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরিকল্পনাগুলো আমরা মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করবো।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষা সংক্রান্ত কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের ডেকেছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সামনে আমরা কীভাবে কী গোছাচ্ছি, আগামী বৃহস্পতিবার আমাদের ক্যাবিনেট মিটিং আছে। সেখানে আমরা কী কী প্রেজেন্ট করবো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ডিরেকশন দিয়েছেন মোটামুটি সব মন্ত্রণালয়কে যে আমরা আগামী ছয় মাসের ভেতরে কী কী করবো, জনগণ কী কী দেখবে এবং আমরা যেন প্রত্যেকটা মিনিস্ট্রির জবাবদিহি হই প্রধানমন্ত্রীর কাছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের জমা দিতে হবে আমরা কোন কোন লক্ষ্য কতখানি বাস্তবায়নের টোটাল প্ল্যান এবং ছয় মাসে তার ভেতরে কী কী দৃশ্যমান হতে পারে। এগুলোর ডিরেকশন আরও শক্তভাবে এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আজকের মিটিং ছিল। সেই জায়গাটা থেকে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়ে কিছু আলোচনা হয়েছে।

তিনি বলেন, সামনে এসএসসি পরীক্ষা আছে। আরো কী কী আছে, যেগুলো নিয়ে আমাদের এখন ইমিডিয়েট অনেক কনসার্ন আছে, সেগুলো আমরা কিছু কিছু প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করেছি এবং প্রধানমন্ত্রী আমাদের এগেইন ওভারঅল যে শিক্ষা ও শিক্ষাঙ্গন নিয়ে তার ভিশনটা আছে, সেটার আলোকে আমাদের আরও ইন্সট্রাকশন দিয়েছেন এবং এগুলো আগামী ক্যাবিনেট মিটিংয়ে ওভারঅল ক্যাবিনেটের সামনে আমরা প্লেস করবো।

এমএএস/এমআইএইচএস