মতামত

রাষ্ট্র পরিচালনায় বহুমাত্রিক রাজনৈতিক কৌশল

আধুনিক রাষ্ট্র কেবল আইন, সেনাবাহিনী বা প্রশাসনিক কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে না; বরং তার স্থায়িত্ব নির্ভর করে মানুষের মনে গড়ে ওঠা বিশ্বাস, মূল্যবোধ ও সম্মতির উপর। ক্ষমতা আজ আর শুধু দৃশ্যমান বলপ্রয়োগ নয়—এটি সংস্কৃতি, ভাষা, শিক্ষা, গণমাধ্যম, অর্থনীতি এবং নৈতিক যুক্তির ভেতর দিয়ে সূক্ষ্মভাবে কাজ করে। ফলে রাষ্ট্র পরিচালনা একাধারে রাজনৈতিক কৌশল, নৈতিক বৈধতা এবং সামাজিক মানসিকতার সমন্বিত প্রক্রিয়া। এই আলোচনায় সফট পাওয়ার(Soft Power) জনতাবাদ(Populism), Gramscian Hegemony(গ্রামশিয়ান হেজমনি), প্রতীকী প্রতিহিংসা( Symbolic Violence), কারণ ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা(Reason–Justification) এবং আত্মপ্রবঞ্চনা(Bad Faith)—এই ধারণাগুলোর মাধ্যমে বোঝার চেষ্টা করা হয়েছে রাষ্ট্র কীভাবে নাগরিকের সম্মতি অর্জন করে, কীভাবে বৈধতা তৈরি করে এবং কোথায় নৈতিক বিচ্যুতির ঝুঁকি তৈরি হয়।

বর্তমান বিশ্বে এবং বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক-সামাজিক বাস্তবতায় রাষ্ট্র, নাগরিক ও ক্ষমতার সম্পর্ক দ্রুত পরিবর্তিত হচ্ছে; সামাজিক যোগাযোগমাধ্যম, অর্থনৈতিক চাপ, পরিচয়ভিত্তিক রাজনীতি ও নীতিনির্ধারণের স্বচ্ছতা—সবকিছু মিলিয়ে জনগণের মধ্যে যেমন সচেতনতা বাড়ছে, তেমনি বিভ্রান্তিও তৈরি হচ্ছে। তাই বাংলাদেশের মতো উন্নয়নশীল গণতান্ত্রিক সমাজে নাগরিকরা যখন নির্বাচন, নীতিনির্ধারণ, গণমাধ্যমের বয়ান বা ডিজিটাল প্রচারণার মুখোমুখি হন, তখন আমার এই লেখার ধারণাগুলো তাদের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়তা করবে—কোন সিদ্ধান্ত যুক্তিসম্মত, কোনটি কেবল আবেগনির্ভর, কোথায় নৈতিক জাস্টিফিকেশন আছে আর কোথায় আত্মপ্রতারণা কাজ করছে তা বুঝতে সক্ষম করবে।

ক্ষমতার ধারণা (Concept of Power)

ক্ষমতা বলতে আমরা সাধারণত বুঝি কাউকে নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার সক্ষমতা। তবে আধুনিক রাজনৈতিক তত্ত্বে ক্ষমতার অর্থ অনেক বিস্তৃত। ক্ষমতা কেবল শক্তি প্রদর্শন নয়; এটি আকর্ষণ, প্রভাব, নৈতিকতা, ভাষার এবং সংস্কৃতির মধ্য দিয়েও কাজ করে। রাষ্ট্র পরিচালনায় এবং ক্ষমতা টিকিয়ে রাখাতে বেশ কিছু তাত্ত্বিক এবং ব্যবহারিক ধারণা বা কৌশল ব্যবহৃত হয়ে থাকে। দেশ বিশেষে এবং দল বিশেষে এই কৌশল ব্যবহারে তারতম্য হয়ে থাকে। সে সম্পর্কে নীচে আলোচনা করা হল।

          Hard Power (হার্ড পাওয়ার)ঃ  Soft Power আকর্ষণের রাজনীতি; Hard Power হলো সরাসরি শক্তি, অর্থনীতি, সামরিক ক্ষমতা ও আইনি দমন। যেমন-সামরিক শক্তি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আইনি বলপ্রয়োগ, কূটনৈতিক চাপ ইত্যাদি। এখানে লক্ষ্য থাকে—“তুমি না মানলে তোমাকে মানতে বাধ্য করা হবে।” বাস্তব উদাহরণ- উদাহরণ যুক্তরাষ্ট্রের এর ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ব্যাংকিং, তেল রপ্তানি ও বাণিজ্যে কঠোর নিষেধাজ্ঞা দেয়। এটি সরাসরি অর্থনৈতিক চাপ। Russia–Ukraine War (২০২২–চলমান) রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান—সরাসরি সামরিক শক্তি প্রয়োগের উদাহরণ। এখানে উদ্দেশ্য ছিল ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। United Nations–এর সংঘাতপূর্ণ এলাকায় নিরাপত্তা রক্ষায় সশস্ত্র শান্তিরক্ষী পাঠানো—এটিও শক্তির ব্যবহার, যদিও উদ্দেশ্য শান্তি।

          Soft Power: আকর্ষণের রাজনীতিঃ Soft Power এমন এক প্রভাব যেখানে কোনো রাষ্ট্র বলপ্রয়োগ বা অর্থনৈতিক চাপের পরিবর্তে তার সংস্কৃতি, শিক্ষা, মূল্যবোধ ও কূটনৈতিক আচরণের মাধ্যমে অন্যকে আকৃষ্ট করে। চলচ্চিত্র, সাহিত্য, প্রযুক্তি, ভাষা, পোষাক, বিশ্ববিদ্যালয়, এমনকি ক্রীড়াও এই নরম শক্তির অংশ। এখানে শক্তির প্রকাশ দৃশ্যমান নয়, কিন্তু প্রভাব গভীর। মানুষ স্বেচ্ছায় অনুকরণ করে, গ্রহণ করে এবং মানসিকভাবে প্রভাবিত হয়। ফলে Soft Power এক ধরনের “সম্মতির রাজনীতি” তৈরি করে—যেখানে জোরের বদলে বিশ্বাস কাজ করে। সংস্কৃতির কৌশল(Cultural Diplomacy) সফট পাওয়ার এর একটি উদাহরণ।

          Smart Power (স্মার্ট পাওয়ার)ঃ সফট এবং হার্ড পাওয়ার এর সমন্বয়কে Smart Power বলা হয়।

আধুনিক রাষ্ট্রগুলো সাধারণত একটিমাত্র কৌশল ব্যবহার করে না; তারা পরিস্থিতি অনুযায়ী নরম ও কঠোর শক্তির মিশ্রণ ব্যবহার করে। যেমন, “প্রথমে বোঝানো, না মানলে চাপ দেওয়া।” বাস্তব উদাহরণ  China–র Belt and Road Initiative (BRI)। অবকাঠামো বিনিয়োগ, ঋণ ও উন্নয়ন সহযোগিতা দিয়ে সম্পর্ক গড়া (Soft) — পাশাপাশি কৌশলগত বন্দর/রুটে প্রভাব ও শর্ত আরোপ (Hard)। এটি Smart Power–এর ক্লাসিক উদাহরণ।

রাষ্ট্রের প্রকৃত শক্তি অস্ত্র বা আইনের কড়াকড়িতে সীমাবদ্ধ নয়; এটি মানুষের মনোজগতে প্রতিষ্ঠিত বিশ্বাস, মূল্যবোধ ও সম্মতিতে নিহিত। যে রাষ্ট্র নাগরিকের আস্থা অর্জন করতে পারে, যুক্তি ও নৈতিকতার ভারসাম্য বজায় রাখে এবং সাংস্কৃতিক বহুত্বকে সম্মান করে—সেই রাষ্ট্রই দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল ভিত্তি লাভ করে। ক্ষমতার এই বহুমাত্রিক প্রকৃতি আমাদের মনে করিয়ে দেয়—শাসন কেবল আদেশ নয়; এটি একটি নৈতিক ও সাংস্কৃতিক সংলাপ। যেখানে সম্মতি জোরের চেয়ে শক্তিশালী, আর আত্মসমালোচনা আত্মপ্রতারণার চেয়ে অধিক মূল্যবান—সেখানেই রাষ্ট্র প্রকৃত অর্থে পরিপক্ব ও টেকসই হয়ে ওঠে।

China–র Belt and Road Initiative (BRI) উদাহরণ পাকিস্তানে চায়না সড়ক, রেলপথ, বিদ্যুৎকেন্দ্র, শিল্পাঞ্চল নির্মাণ করছে। Gwadar Port উন্নয়ন ও ব্যবস্থাপনায় চীনা অংশগ্রহণ। Soft পাওয়ার এর আওতায় বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা প্রদান। অন্যদিকে এই সফট পাওয়ারের মাধ্যমে আরব সাগরে কৌশলগত উপস্থিতি ও বন্দর প্রভাব Hard Strategic পাওয়ার অর্জন করা চীনের লক্ষ্য। United States–এর মধ্যপ্রাচ্য নীতি একদিকে শিক্ষা বৃত্তি, সাংস্কৃতিক বিনিময়, উন্নয়ন সহায়তা (Soft), অন্যদিকে সামরিক ঘাঁটি, নিরাপত্তা চুক্তি ও নিষেধাজ্ঞা (Hard) — দুই কৌশলের সমন্বয়। European Union–এর প্রতিবেশী নীতি। বাণিজ্য সুবিধা, ভিসা সহজীকরণ, উন্নয়ন তহবিল (Soft) — তবে মানবাধিকার বা গণতন্ত্রে ব্যত্যয় হলে অর্থনৈতিক বা কূটনৈতিক চাপ (Hard)।

          Michel Foucault–এর Power/Knowledge ধারণা ক্ষমতা কেবল রাষ্ট্র বা শাসকের হাতে থাকে না—এটি জ্ঞান, ভাষা, প্রতিষ্ঠান ও সামাজিক অনুশীলনের মধ্য দিয়েও ছড়িয়ে থাকে। এটি দেখায় ক্ষমতা “উপরে” থেকে নয়; “চারদিকে” ছড়িয়ে থাকা একটি নেটওয়ার্ক। Symbolic Violence এর সাথে এর কিছু সম্পর্ক আছে। ফুকোর মতে— যার হাতে জ্ঞান তৈরি ও ছড়ানোর ক্ষমতা আছে, তার হাতেই এক ধরনের ক্ষমতা চলে যায়। আবার ক্ষমতাবানরা নিজেদের সুবিধামতো কোন জ্ঞান “সত্য” হবে তা ঠিক করতে পারে। যেমন চিকিৎসা জ্ঞান- ডাক্তার যা বলবেন, রোগী সাধারণত সেটাই মানবে। কারণ সমাজে “ডাক্তারের জ্ঞান”কে সত্য ধরা হয়।

এখানে ডাক্তার ব্যক্তি হিসেবে শক্তিশালী নন, কিন্তু জ্ঞান তাঁকে ক্ষমতা দিয়েছে। পাঠ্যবইয়ের ইতিহাস: স্কুলে যেভাবে ইতিহাস পড়ানো হয়, ছাত্ররা সেটাকেই সত্য মনে করে। ফলে ভবিষ্যৎ প্রজন্মের দৃষ্টিভঙ্গি গঠিত হয়—এটিও জ্ঞানের মাধ্যমে ক্ষমতার প্রয়োগ। ফুকো দেখিয়েছেন, স্কুল, হাসপাতাল, কারাগার, অফিস, সেনাবাহিনী—এসব প্রতিষ্ঠান সরাসরি মারধর না করেও মানুষকে নিয়মের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। ইউনিফর্ম, ঘণ্টা, লাইনে দাঁড়ানো, পরীক্ষার নম্বর—এসবের মাধ্যমে ছাত্ররা শিখে যায় কীভাবে “শৃঙ্খলাবদ্ধ নাগরিক” হতে হয়। এখানে লাঠি নেই, তবুও নিয়ন্ত্রণ আছে। সি সি ক্যামেরা, করণীয়-অকরণীয়, সময়সূচি—মানুষকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করে।

          Economic Power (অর্থনৈতিক ক্ষমতা)ঃ অর্থনীতি ক্ষমতার অন্যতম প্রধান উৎস—বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, ঋণনীতি ইত্যাদি। “যার অর্থনীতি শক্তিশালী, তার সিদ্ধান্তের প্রভাবও বেশি।” যেমন, আমদানি–রপ্তানি বাড়ানো/কমানো, উন্নয়ন প্রকল্পে অর্থ দিয়ে নির্ভরতা তৈরি, বন্দর, সড়ক, বিদ্যুৎকেন্দ্র বানিয়ে দীর্ঘমেয়াদি প্রভাব। বাস্তব উদাহরণ- China অনেক দেশে সড়ক, বন্দর, রেলপথে বিনিয়োগ করে অর্থনৈতিক সম্পর্ক ও প্রভাব বাড়াচ্ছে। International Monetary Fund (IMF) ঋণ দেওয়ার সময় অর্থনৈতিক সংস্কারের শর্ত বসানো—নীতিগত প্রভাব সৃষ্টি করে এবং বড় বহুজাতিক কোম্পানি এবং সেই দেশ কোনো দেশে বিশাল কারখানা স্থাপন করলে স্থানীয় নীতিনির্ধারণেও তাদের মতামতের ওজন বাড়ে।

          Ideological Power (আদর্শগত ক্ষমতা)ঃ মানুষের বিশ্বাস, মূল্যবোধ, ধর্ম, জাতীয়তাবাদ, রাজনৈতিক মতাদর্শ ও মিডিয়া–র মাধ্যমে চিন্তা ও আচরণকে প্রভাবিত করার ক্ষমতা। “মানুষ কী ভাববে—সেটা প্রভাবিত করার শক্তি।” যেমন, রাজনৈতিক মতাদর্শের মূল বিষয় গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ ইত্যাদি দিয়ে সমর্থন তৈরি। ধর্মীয়/নৈতিক বয়ান(Narratives) দিয়ে সামাজিক আচরণ ও সিদ্ধান্তে প্রভাব ফেলে। মিডিয়া ও সংস্কৃতি তাদের সংবাদ, সিনেমা, গান, বিজ্ঞাপন দিয়ে ‘স্বাভাবিক’ ধারণা গড়ে তোলে। শিক্ষা ও পাঠ্যবই এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের দৃষ্টিভঙ্গি নির্মাণ করে। বাস্তব উদাহরণ- আমেরিকা এবং ইন্ডিয়া তাদের হলিউড, বলিঊড এবং পপ কালচার-সিনেমা–সিরিজের মাধ্যমে জীবনধারা ও মূল্যবোধ বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়। রাষ্ট্রীয় বা বেসরকারি টিভি/অনলাইন মিডিয়ায় ধারাবাহিক বয়ান দিয়ে জনমত তৈরি—নির্বাচন বা নীতি প্রশ্নে মানুষের মনোভাব প্রভাবিত করা। জাতীয় দিবস, পতাকা, স্লোগান—জাতীয়তাবোধ জোরদার করে সামাজিক ঐক্য ও সমর্থন গড়ে তোলে।

          Legitimacy (বৈধতা) – Max Weber এর ক্ষমতার ধারণা কোনো ক্ষমতা বা শাসন কেবল শক্তি দিয়ে টিকে থাকে না; মানুষ যদি মনে করে এই ক্ষমতা “ন্যায্য” বা “স্বাভাবিক”—তবেই তা স্থায়ী হয়। এই “মানুষের মেনে নেওয়া”-টাকেই বলা হয় বৈধতা (Legitimacy)। অর্থাৎ, পুলিশ, সরকার বা নেতা শুধু ভয় দেখিয়ে দীর্ঘদিন টিকতে পারে না।

মানুষ যদি বিশ্বাস করে—“এদের কথা মানা উচিত”—তখনই ক্ষমতা স্থিতিশীল হয়। যেমন, Legal–Rational Legitimacy (আইনভিত্তিক বৈধতা)।এখানে ক্ষমতা আসে আইন, সংবিধান ও নিয়মের মাধ্যমে—ব্যক্তির কারণে নয়, পদের কারণে।  “আইন তাই বলেছে, তাই মানতে হবে।” নির্বাচিত সরকার, আদালতের বিচারক, প্রশাসনিক কর্মকর্তা—তাঁদের ক্ষমতা ব্যক্তিগত নয়; আইনি কাঠামো থেকে আসে। ট্র্যাফিক পুলিশ সিগন্যাল দিলে গাড়ি থামে—কারণ আইন তাকে সেই ক্ষমতা দিয়েছে। গণভোট বা referendum আরও একটা উদাহরণ। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট হয়েছে সেটাও Max Weber এর Legitimacy (বৈধতা) এর ক্ষমতার ধারণার অংশ। সংবিধান সংশোধন, স্বায়ত্তশাসন, স্বাধীনতা বা বড় নীতিগত পরিবর্তনে গণভোট হলে—সেই সিদ্ধান্ত আইনি ও গণতান্ত্রিক বৈধতা পায়।

          Network / Digital Power (ডিজিটাল ক্ষমতা)ঃ ইন্টারনেট, ডেটা, অ্যালগরিদম, সোশ্যাল মিডিয়া ও সাইবার স্পেসের মাধ্যমে তথ্য নিয়ন্ত্রণ ও দ্রুত প্রভাব বিস্তারের ক্ষমতা। “যার হাতে তথ্য ও নেটওয়ার্ক, তার হাতে আধুনিক ক্ষমতার বড় অংশ।” কে কোন খবর/ভিডিও দেখবে, ব্যবহারকারীর আচরণ জেনে লক্ষ্যভিত্তিক প্রচারণা বা বিজ্ঞাপন, মুহূর্তে জনমত তৈরি বা বদলে দেওয়া, তথ্য ফাঁস, সাইবার আক্রমণ, ডিজিটাল অবরোধ—রাষ্ট্রীয় পর্যায়েও প্রভাব ফেলে। বাস্তব উদাহরণ- Meta Platforms–এর Facebook ও Instagram: অ্যালগরিদমের মাধ্যমে কোন পোস্ট ট্রেন্ড করবে তা নির্ধারণ—ব্যবসা, রাজনীতি ও সংস্কৃতিতে প্রভাব। Google–এর সার্চ অ্যালগরিদম। কোন তথ্য আগে দেখা যাবে তা নির্ধারণ করে জ্ঞানপ্রবাহে প্রভাব ফেলা। নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়ায় লক্ষ্যভিত্তিক প্রচারণা—কয়েক ঘণ্টায় বড় জনমত পরিবর্তন সম্ভব।

          Populism বা আবেগ ও পরিচয়ের রাজনীতিঃ আবেগ ও পরিচয়ের রাজনীতি বলতে এমন রাজনীতিকে বোঝায় যেখানে নেতা বা দল জনগণের আবেগ, ভয়, আশা, ধর্ম, ভাষা, জাতিগত বা জাতীয় পরিচয়–কে সামনে রেখে সমর্থন আদায় করে। এখানে যুক্তি বা নীতির চেয়ে “আমরা বনাম তারা”—এই বিভাজন ও আবেগি বার্তা বেশি কাজ করে। এটি একদিকে রাজনৈতিক সচেতনতা বাড়াতে পারে, অন্যদিকে অতিরিক্ত আবেগনির্ভরতা ও বিভাজনও সৃষ্টি করতে পারে। Populism মানুষের অনুভূতি, ক্ষোভ ও পরিচয়বোধকে সক্রিয় করে—যা কখনো গণতন্ত্রকে শক্তিশালী করে, আবার কখনো যুক্তিবোধকে দুর্বল করে দেয়। বাস্তব উদাহরণ- Donald Trump তার স্লোগান: “Make America Great Again” এর মাধ্যমে জাতীয় গর্ব ও অতীতের স্মৃতিকে কাজে লাগিয়েছে।

অভিবাসন ইস্যুতে “আমরা বনাম তারা” বিভাজন সৃষ্টি করেছে। এখানে জনগণের মূল আবেগ যেমন জাতীয়তাবাদ, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা, পরিচয় রাজনীতিকে( Politics of Identity)  কাজে লাগিয়েছে। যুক্তরাজ্য তার Brexit পলিসিকে পপুলিজম হিসাবে ব্যবহার করেছে। এর মাধ্যমে “দেশের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া” স্লোগান, অভিবাসন ও সার্বভৌমত্ব নিয়ে আবেগি প্রচারণা এবং অর্থনৈতিক তথ্যের চেয়ে পরিচয় ও স্বাধীনতার অনুভূতি বেশি গুরুত্ব গুরুত্ব দিয়ে জনগণের আবেগকে কাজে লাগিয়েছে।

রাষ্ট্র ও হেজমনি (State & Hegemony)

রাষ্ট্র কীভাবে দীর্ঘস্থায়ী হয়—এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায়, কেবল দমন বা আইন দিয়ে কোনো রাষ্ট্র টিকে থাকতে পারে না। মানুষের মন জয় করাই রাষ্ট্রের প্রকৃত শক্তি। হেজমনি ধারণাটি এই মানসিক সম্মতির ব্যাখ্যা দেয়।

হেজমনি মানে এমন এক সাংস্কৃতিক ও নৈতিক নেতৃত্ব, যেখানে জনগণ স্বেচ্ছায় শাসনব্যবস্থাকে গ্রহণ করে। এখানে শাসন কেবল প্রশাসনিক নয়; এটি শিক্ষাব্যবস্থা, পরিবার, গণমাধ্যম, ধর্ম, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে মানুষের চিন্তার ভেতরে ঢুকে যায়। মানুষ তখন বাধ্য হয়ে নয়, বরং বিশ্বাস করে নিয়ম মেনে চলে। এই প্রক্রিয়ায় রাষ্ট্র দুইভাবে কাজ করে—একদিকে আইনের মাধ্যমে শৃঙ্খলা রক্ষা করে, অন্যদিকে সংস্কৃতি ও শিক্ষার মাধ্যমে সম্মতি তৈরি করে। দমন ও সম্মতির এই ভারসাম্যই রাষ্ট্রকে স্থিতিশীল করে তোলে। এটি সরাসরি ভোট বা আইন দিয়ে নয়; বরং চেতনা ও সংস্কৃতির মাধ্যমে রাজনৈতিক বৈধতা তৈরি করে। রাষ্ট্র শিক্ষানীতি ও পাঠ্যবইয়ে নির্দিষ্ট জাতীয় বয়ান, মুক্তিযুদ্ধ/স্বাধীনতা/সংবিধান নিয়ে একধরনের একক গল্প তৈরি করে—যাতে নাগরিকের রাজনৈতিক পরিচয় শক্ত হয়। বিভিন্ন সংবাদ ও পত্রিকার মাধ্যমে কোন ইস্যু কতটুকু গুরুত্বপূর্ণ তা বুঝানোর চেষ্টা করে।

দেশের জাতীয় প্রতীক ও দিবস নির্বাচন বা সংকটকালে জাতীয়তাবোধ জাগিয়ে রাজনৈতিক সমর্থন বাড়ানো কাজে ব্যবহার করে। জনগণ মনে করে—“এই রাষ্ট্র/এই সরকারই ভাল ও প্রয়োজনীয়।” এটি সরাসরি জোর নয়, বরং সম্মতির রাজনীতি। সংস্কৃতির মাধ্যমে মানুষের মানসিক সম্মতি তৈরি হয়। জাতীয় পরিচয়, ভাষা আন্দোলন, সাংস্কৃতিক ঐক্য—এসব রাষ্ট্রের বৈধতা ও সামাজিক সংহতির ভিত্তি হিসেবে কাজ করে। অর্থাৎ রাষ্ট্রের শক্তি আইনের পাশাপাশি সাংস্কৃতিক আস্থার উপরও দাঁড়িয়ে থাকে।

প্রতীকী দমন (Symbolic Violence)

ক্ষমতা সব সময় দৃশ্যমান নয়। অনেক সময় এটি প্রতীক, ভাষা ও সামাজিক মানদণ্ডের মাধ্যমে কাজ করে। Symbolic Violence এমন এক প্রক্রিয়া যেখানে কোনো শারীরিক জোর নেই, কিন্তু মানসিক চাপ কাজ করে। যখন একটি ভাষাকে “শুদ্ধ” বলা হয় এবং অন্য ভাষাকে “অশিক্ষিত” ধরা হয়, তখন মানুষ নিজেই নিজেকে ছোট ভাবতে শেখে। যখন নির্দিষ্ট সংস্কৃতিকে “উচ্চ” আর অন্য সংস্কৃতিকে “নিম্ন” বলা হয়, তখন সমাজে অদৃশ্য বিভাজন তৈরি হয়। এখানে কেউ আঘাত করছে না, তবুও আত্মমর্যাদায় আঘাত লাগে। কিন্তু একই সঙ্গে এটি প্রান্তিকতার অনুভূতিও সৃষ্টি করতে পারে। ফলে Symbolic Violence এক দ্বিমুখী বাস্তবতা—এটি ঐক্যও গড়ে, আবার বিভাজনও তৈরি করতে পারে। 

যেমন ভাষার রাজনীতি। কাউকে “দেশপ্রেমিক” বনাম “রাষ্ট্রবিরোধী” লেবেল দিয়ে—বিরোধী মতকে নৈতিকভাবে দুর্বল করা। পোশাকের “শালীনতা” বা “সভ্যতা”র মানদণ্ড স্থির করে সামাজিক চাপ সৃষ্টি করা,  স্মৃতিস্তম্ভ, মূর্তি ইত্যাদি তৈরি করে তার রাজনৈতিক মতাদর্শকে সাংস্কৃতিক স্বাভাবিকতায় রূপ দেওয়া। বিশেষ ব্যক্তি স্ট্যাটাস তৈরি করে কারা রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রিত হবে, কারা মিডিয়ায় বেশি জায়গা পাবে—এসব করেও এক ধরনের অদৃশ্য বার্তা দেওয়া হল প্রতীকী দমন বা Symbolic Violence. রাষ্ট্র কেবল জোর দিয়ে নয়, বুদ্ধিজীবী ও সংস্কৃতির মাধ্যমে মতাদর্শ গড়ে তুলে সমাজকে প্রভাবিত করে। অর্থাৎ ক্ষমতার অদৃশ্য দিক—যেখানে সম্মতি, বয়ান (narrative) ও সামাজিক মূল্যবোধ কাজ করে।

যুক্তি ও জাস্টিফিকেশন (Logic and Justification)

রাষ্ট্রের সিদ্ধান্ত কেবল শক্তির উপর দাঁড়িয়ে থাকে না; এটি যুক্তি ও নৈতিকতার উপরও নির্ভরশীল। যুক্তি হলো কোনো সিদ্ধান্তের বুদ্ধিবৃত্তিক ব্যাখ্যা, আর জাস্টিফিকেশন হলো তার নৈতিক বা সামাজিক বৈধতা। নীতিনির্ধারণ, বিচারব্যবস্থা ও জনআলোচনায় যুক্তি স্বচ্ছতা আনে। অন্যদিকে জাস্টিফিকেশন মানুষের কাছে সিদ্ধান্তকে গ্রহণযোগ্য করে তোলে। উদাহরণস্বরূপ, দুর্যোগে ত্রাণ বরাদ্দ বাড়ানো একটি নৈতিক জাস্টিফিকেশন, আবার অর্থনৈতিক বিশ্লেষণ দিয়ে বাজেট নির্ধারণ যুক্তির প্রয়োগ। এই দুইয়ের ভারসাম্য থাকলে রাষ্ট্রের প্রতি আস্থা বাড়ে। যুক্তি ছাড়া নীতি অন্ধ হয়ে যায়, আর নৈতিকতা ছাড়া নীতি কঠোর ও যান্ত্রিক হয়ে পড়ে। রাজনৈতিক ভাবে নীতিনির্ধারণে যুক্তির মাধ্যমে বাজেট, করনীতি, উন্নয়ন প্রকল্পে অর্থনৈতিক বিশ্লেষণ দেখিয়ে প্রতিষ্ঠা করা হয়। কিছু নৈতিক বয়ান দিয়ে নিরাপত্তা, দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্যসেবা—এসবকে “জনস্বার্থ” হিসেবে তুলে ধরা কিংবা জরুরি আইন বা বিধিনিষেধে “জননিরাপত্তা”র যুক্তি ও নৈতিকতা একসাথে ব্যবহার করে রাষ্ট্র জাস্টিফিকেশন হিসাবে তুলে ধরে। রাষ্ট্রের সিদ্ধান্ত কেবল আইন প্রয়োগে সীমাবদ্ধ থাকলে টেকসই হয় না; প্রয়োজন হয় নৈতিক গ্রহণযোগ্যতা ও প্রশাসনিক স্বচ্ছতা। জনগণের আস্থা অর্জন করতে হলে আইন, যুক্তি ও ন্যায্যতার সমন্বয় অপরিহার্য।

আত্মপ্রতারণা (Bad Faith)

Bad Faith হলো এমন এক মানসিক অবস্থা যেখানে ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের দায়িত্ব এড়িয়ে যায় এবং অজুহাতকে সত্য বলে মানতে শুরু করে। এটি সরাসরি মিথ্যা নয়; বরং আত্মপ্রতারণা। যখন কেউ বলে—“আমার কিছু করার ছিল না,” অথচ বাস্তবে বিকল্প ছিল, তখন সে Bad Faith–এ অবস্থান করে। রাষ্ট্র বা সমাজে এই প্রবণতা দেখা দিলে জবাবদিহিতা কমে যায়, ভুল নীতি পুনরাবৃত্ত হয় এবং আস্থার সংকট তৈরি হয়। Bad Faith–এর সবচেয়ে বড় ক্ষতি হলো—এটি নৈতিক উন্নয়নকে থামিয়ে দেয়। ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারে না, কারণ সে ভুল স্বীকারই করে না। নীতি ব্যর্থ হলে পূর্ববর্তী সরকার/বৈশ্বিক পরিস্থিতিকে ক্ষমতাসীন দল দায়ী করে,  কোন ঘটনাকে আংশিক তথ্য দিয়ে পূর্ণ সত্য আড়াল করা, বিলম্ব কৌশল অবলম্বন করে বিশেষ তদন্ত/কমিটি/কমিশন গঠন করে সময়ক্ষেপণ করা বা আমাদের বিকল্প ছিল না”—এমন ভাষা দিয়ে জবাবদিহিতা কমানো আত্মপ্রতারণা (Bad Faith) এর উদাহরণ। রাজনীতি কেবল নীতির প্রশ্ন নয়; এটি সংস্কৃতির ভাষা, সামাজিক মর্যাদা ও বুদ্ধিবৃত্তিক সততার প্রশ্ন। যখন বুদ্ধিজীবী বা প্রতিষ্ঠান নিজের দায় এড়িয়ে চলে, তখন সামাজিক নৈতিকতা দুর্বল হয়।

রাষ্ট্রের প্রকৃত শক্তি অস্ত্র বা আইনের কড়াকড়িতে সীমাবদ্ধ নয়; এটি মানুষের মনোজগতে প্রতিষ্ঠিত বিশ্বাস, মূল্যবোধ ও সম্মতিতে নিহিত। যে রাষ্ট্র নাগরিকের আস্থা অর্জন করতে পারে, যুক্তি ও নৈতিকতার ভারসাম্য বজায় রাখে এবং সাংস্কৃতিক বহুত্বকে সম্মান করে—সেই রাষ্ট্রই দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল ভিত্তি লাভ করে। ক্ষমতার এই বহুমাত্রিক প্রকৃতি আমাদের মনে করিয়ে দেয়—শাসন কেবল আদেশ নয়; এটি একটি নৈতিক ও সাংস্কৃতিক সংলাপ। যেখানে সম্মতি জোরের চেয়ে শক্তিশালী, আর আত্মসমালোচনা আত্মপ্রতারণার চেয়ে অধিক মূল্যবান—সেখানেই রাষ্ট্র প্রকৃত অর্থে পরিপক্ব ও টেকসই হয়ে ওঠে। আর সেটা নির্ভর করে ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসন কোন কৌশল কীভাবে ব্যবহার করবেন তার উপর।

রেফারেন্স- আনিসুজ্জামান। (২০১৩) । সংস্কৃতি ও রাজনীতি। ঢাকা: প্রথমা প্রকাশন। চৌধুরী, সিরাজুল ইসলাম। (২০০৭) । রাষ্ট্র ও সমাজ। ঢাকা: পাঠক সমাবেশ। খান, আকবর আলি। (২০১৫) । আইনের শাসন ও প্রশাসন। ঢাকা: প্রথমা প্রকাশন। ছফা, আহমদ। (১৯৯৩) । রাজনীতি ও সংস্কৃতি। ঢাকা: মাওলা ব্রাদার্স। Foucault, M. (1980). Power/Knowledge: Selected Interviews and Other Writings. Pantheon. Gramsci, A. (1971). Selections from the Prison Notebooks. International Publishers. Weber, M. (1978). Economy and Society. University of California Press. Bourdieu, P. (1991). Language and Symbolic Power. Harvard University Press. Nye, J. S. (2004). Soft Power: The Means to Success in World Politics. PublicAffairs. Mudde, C., & Kaltwasser, C. R. (2017). Populism: A Very Short Introduction. Oxford University Press. Fairclough, N. (1995). Media Discourse. Edward Arnold.

লেখক : বর্তমানে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি(বাইউস্ট) এর রেজিস্ট্রার এবং খণ্ডকালীন ফ্যাকাল্টি।

এইচআর/জেআইএম