রাজনীতি

শাহ আমানতে আরও ৯ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা তিনটি আগমনী (অ্যারাইভাল) ও একটি বহির্গামী (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া এয়ার আরাবিয়ার তিনটি আগমনী ও একটি বহির্গামী ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আগমনী ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে মাসকাট থেকে আসা সালামএয়ারের অভি-৪০১ ফ্লাইটটি কুয়াশার কারণে প্রথমে ঢাকায় ডাইভার্ট হয়। পরে ঢাকা থেকে পুনরায় উড্ডয়ন করে সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। একই উড়োজাহাজ অভি-৪০২ ফ্লাইট হিসেবে যাত্রী নিয়ে বেলা ১১টা ৫৫ মিনিটে মাসকাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২১ ফ্লাইট দুপুর ১২টা ৪৫ মিনিটে মাসকাটের উদ্দেশ্যে এবং বিজি-১৩৭ ফ্লাইট সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে মদিনার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আজকের ৯টি ফ্লাইটসহ মোট ৫৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

এমআরএএইচ/ইএ