চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় দুটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৩ মার্চ) রাতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ।
দেবব্রত দাশ জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করা এবং ক্রয়-বিক্রয়ের কোনো রেজিস্ট্রার সংরক্ষণ না রাখায় রানীরহাট ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া টানা ২৪ ঘণ্টা তেল সরবরাহ না থাকায় পেট্রোল পাম্পটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
এছাড়া বিক্রয় রেজিস্ট্রার সংরক্ষণ না করা এবং নিবন্ধন ছাড়া যমুনা অয়েল থেকে সরাসরি ক্রয় ব্যতীত তেল বিক্রির অভিযোগে অপর একটি বিক্রয় কেন্দ্রকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন উপস্থিত ছিলেন।
এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এমআরএএইচ/এসএনআর